ড্রেনের মুখ বন্ধ, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা কালাইয়ে

Printed Edition

মুনছুর রহমান কালাই (জয়পুরহাট)

দীর্ঘদিনের প্রচণ্ড খরা শেষে গত সোমবার সকালে জয়পুরহাটের কালাই পৌরশহরে হঠাৎ স্বস্তির বৃষ্টি নেমেছিল। তবে মাত্র দেড় ঘণ্টার এই বৃষ্টিই কালাই পৌরসভার কাজীপাড়া মহল্লার প্রায় ৩০টি পরিবারের দুই শতাধিক মানুষের জন্য চরম দুর্ভোগ নিয়ে এসেছে। পানি নিষ্কাশনের ড্রেনের মুখ বন্ধ করে দেয়ায় মহল্লাটিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং বাসিন্দাদের ঘরের ভেতর এখন হাঁটু পানি।

ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই পুরো মহল্লা তলিয়ে যায়। তার ওপর মহল্লার ছফির উদ্দিন, কালাম ও আবু সাঈদ নামের তিন ব্যক্তি পানি পারাপারের একমাত্র ড্রেনটির মুখ বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি, পৌর কর্তৃপক্ষ দুই সীমানার মাঝখান দিয়ে ড্রেন না করে জোরপূর্বক তাদের ব্যক্তিগত জায়গার ওপর ড্রেনটি নির্মাণ করেছিল, তাই তারা এটি বন্ধ করেছেন।

এ দিকে ড্রেন বন্ধ থাকায় ফারজানা, রজুফা, রেজিয়াসহ ৩০টি পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে। ভুক্তভোগী রজুফা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা। চুলার ওপর পানি জমে থাকায় আজ কোনো রান্নার কাজ করতে পারিনি। পরিবারের সবাই না খেয়ে আছি।