চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Printed Edition

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম গত ১২ ডিসেম্বর সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের অর্থায়নে নির্মাণাধীন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সংস্কার এবং আধুনিকায়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতালের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় উপদেষ্টার কাছে মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রতিনিধিগণ সিসিইউর সংস্কার এবং আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক সিসিইউতে বেড সংখ্যা ১৫ থেকে ২৩ বেডে উন্নীতকরণ, প্রথমবারের মতে সিসিইউতে সেন্ট্রাল মনিটর সিস্টেম চালু করা, ২৪টি অত্যাধুনিক প্যাশেন্ট বেড, ২৩টি প্যাশেন্ট মনিটর, ৪০টি ইনফিউশন পাম্প, ৬টি টেম্পোরারি পেসমেকার মেশিন, ১টি ইকো মেশিন, ২টি ইসিজি মেশিন, ২টি ট্রলি বেড, ১৫টি হুইল চেয়ার, ২টি ক্যাশ কার্ট ট্রলি, অত্যাধুনিক এসি, মেডিসিন স্টোরেজ রুম, ডক্টরস স্টেশন, নার্স স্টেশন, ইসিজি রুম, প্যাশেন্ট রিসিভিং রুমসহ আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন সিসিইউ হিসেবে গড়ে তোলা হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: তসলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. সায়েবা আখতার চেয়ারম্যান, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল, ড. মো: মনজুরুল ইসলাম, যুগ্ম সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের উপপরিচালক ডা: মো: ইলিয়াস চৌধুরী, ডা: একরাম হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ডা: জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম জেলা, প্রফেসর ডা: হাসানুজ্জামান, বিভাগীয় প্রধান নিউরোলজি, ডা: নুর উদ্দিন তারেক, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, ডা: রফিক উদ্দিন আহমেদ, বিভাগীয় প্রধান, বার্ন অ্যান্ড প্লাস্টিক, ডা: মো: ইব্রাহিম চৌধুরী, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, ডা: কাজী শামীম আল মামুন, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, ডা: রুমা, সহকারী পরিচালক, চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল, ডা: দেব প্রসাদ চক্রবর্তী, সহকারী পরিচালক, চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল প্রমুখ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: তসলিম উদ্দিন এবং শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের পক্ষে সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউর সংস্কার এবং আধুনিকায়ন প্রকল্পে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।