সুদানে ত্রাণবহরে হামলায় ৫ কর্মীর মৃত্যু
Printed Edition
আনাদোলু এজেন্সি
দক্ষিণ সুদানের জংলেই অঙ্গরাজ্যে মানবিক সহায়তার একটি বহরে চালানো আকস্মিক সশস্ত্র হামলায় পাঁচজন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এই নৃশংস ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি অনতিবিলম্বে একটি নিরপেক্ষ, দ্রুত ও বিশ্বাসযোগ্য তদন্তের জোরালো দাবি জানিয়েছে জাতিসঙ্ঘ।
মঙ্গলবার জাতিসঙ্ঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত সোমবার জংলেই অঙ্গরাজ্যের ডুক কাউন্টিতে একটি স্থানীয় অংশীদার সংস্থার ত্রাণবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় একদল বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই পাঁচজন ত্রাণকর্মী মারা যান এবং আরো চারজন গুরুতর আহত হন। প্রাথমিক তথ্যের বরাতে তিনি আরো জানান, এই সহিংসতায় বেশ কয়েকজন সাধারণ বেসামরিক নাগরিকও হতাহত হয়েছেন। মুখপাত্র ডুজারিক উল্লেখ করেন, জাতিসঙ্ঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী রামানাথন বালাকৃষ্ণনের সাথে একাত্ম হয়ে বিশ্ব সংস্থাটি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আক্রমণের শিকার হওয়ার সময় বহরটি যে স্পষ্টাক্ষরে মানবিক সহায়তাবাহী হিসেবে চিহ্নিত ছিল, তাও স্মরণ করিয়ে দেন তিনি।
ডুজারিক স্পষ্ট ভাষায় বলেন, মানবিক সহায়তাকর্মীদের ওপর এমন সশস্ত্র আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। চলতি বছরের জানুয়ারি থেকে কেবল দক্ষিণ সুদানেই উগ্রপন্থীদের হাতে ২৯ জন ত্রাণকর্মী ও ঠিকাদারকে প্রাণ হারাতে হয়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। আক্রান্ত বহর পরিচালনাকারী সংস্থা ‘জন দাউ ফাউন্ডেশন’ জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শেষে তাদের কর্মীরা যখন পায়ুয়েল পায়াম থেকে পাজুত এলাকায় ফিরছিলেন, ঠিক তখনই পথিমধ্যে তাদের ওপর এই হামলা চালানো হয়।