রাজবাড়ী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৭০ বন্দী
Printed Edition
রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাজবাড়ী জেলা কারাগারের ৭০ জন বন্দী। গত রোববার কারাগার প্রাঙ্গণে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। একই সাথে তারা গণভোটেও ভোটাধিকার প্রদান করেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে কারাগারে মোট বন্দীর সংখ্যা ৫২১ জন। এর মধ্যে হাজতি ৩৫৫ জন এবং সাজাপ্রাপ্ত বন্দী ১৬৫ জন। একজন শ্রেণীপ্রাপ্ত বন্দীও রয়েছেন। বন্দীদের মধ্যে পুরুষ ৫০২ জন ও নারী ১৯ জন।
পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য মোট ৯৭ জন বন্দী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ৭০ জন ভোট দিয়েছেন। বাকি ২৩ জন বন্দী জামিনে মুক্ত হওয়ায় ভোট দিতে পারেননি। রেজিস্ট্রেশনে ত্রুটির কারণে তিনজনের ব্যালট পেপার আসেনি এবং একজন বন্দীর ভোট অন্য জেলায় হওয়ায় তা গণনায় আসেনি।
জেলা কারাগারের সুপার এনামুল কবির জানান, ভোটগ্রহণের আগে বন্দীদের প্রার্থী ও প্রতীক সম্পর্কে জানানো হয়। কারাগারে দু’টি বুথ স্থাপন করে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়।