দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে : ডা: শফিক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াতে ইসলামী। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বসে পরামর্শ করা হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়ায় একটি রেস্টুরেন্টে ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জামায়াত ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় জানিয়ে ডা: শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে। অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান বর্তমানেও যেভাবে আছে ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির বলেন, সমাজ পরিবর্তনের জন্য সৎ মানুষ প্রয়োজন। এমন মানুষ প্রয়োজন যিনি নিজের প্রয়োজন পূরণের আগে সমাজের মানুষের কথা চিন্তা করবেন, তাদের জন্য কাজ করবেন। এভাবে জামায়াত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্য শান্তি নিশ্চিত হবে। একমাত্র ইসলামই পৃথিবীতে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু চিকিৎসক মানুষের অধিকার নষ্ট করছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশী চিকিৎসকদের জন্য হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। কারো প্ররোচনায় ওষুধের নাম লিখে নিজেকে বিকিয়ে না দেয়ার আহ্বান জানান তিনি। একসময় বাংলাদেশ ওষুধশিল্পে বিদেশীদের ওপর নির্ভরশীল থাকলেও বর্তমানে বহু দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হয় বলেও জানান জামায়াত আমির।