আগামীর বাংলাদেশ হবে ইসলামের : মামুনুল হক

Printed Edition
3rd-5
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণসমাবেশে বক্তব্য রাখেন আল্লামা মামুনুল হক : নয়া দিগন্ত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিস আমির শায়খুল হাদিস মামুনুল হক বলেছেন, রক্ত পানি করে রেমিট্যান্স যোদ্ধারা দেশে টাকা পাঠান আর বাংলাদেশ ব্যাংক ডিজিটাল কায়দায় দুর্নীতি করে সেই টাকা বিদেশে পাঁচার করছে। ৫৫ বছর ধরে যে সরকারই ক্ষমতায় এসেছে, তারা জনগণের নয়, নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। উন্নয়নের নামে বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে দুর্নীতি করেছে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে গতকাল নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ১৯৭১-২০২৪ পর্যন্ত যারা দেশ শাসন করেছে, তারা শুধু বিদেশীদের আধিপত্য বিস্তারে কাজ করেছে। বাংলাদেশের জনগণকে বিলিয়ে দিয়েছে। ভারতের সংবিধানের মূলনীতি বাস্তবায়নে ব্যস্ত ছিল। তারা বাংলাদেশকে কোনো একটি দেশের অঙ্গরাজ্য বানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের মনোনীত প্রার্থী ও উপজেলা সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিন আসাম, নির্বাহী সদস্য খন্দকার মইনুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হোসেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, উপদেষ্টা আব্দুল কাইয়ুম ফারুকী, পৌর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাশার, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মকবুল হোসেন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আনোয়ার উল ইসলাম নুরী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মতিউর রহমান, মাওলানা মুফতি আলাউদ্দিন, মাওলানা আব্দুল বাছির প্রমুখ।