যথাযথভাবে জাকাত বণ্টন করা গেলে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পাবে : চসিক মেয়র

Printed Edition
3rd-3
চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মেয়র ডা: শাহাদাত হোসেন : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম প্রধান ভিত্তি। কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত এই পাঁচটি ভিত্তির ওপরই ইসলামের কাঠামো প্রতিষ্ঠিত। রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজা হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস। একে অপরকে সহযোগিতা করার মাস। এই রমজান মাসে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে জাকাত ব্যবস্থার সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি। যথাযথভাবে জাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজে অর্থনৈতিক বৈষম্য অনেকাংশে হ্রাস পাবে।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশস্থ দি কিং অব চিটাগাংয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্কভিউ হাসপাতালের উদ্যোগে চট্টগ্রাম নগরীতে কর্মরত চিকিৎসকদের সম্মানার্থে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা: এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. এ কে এম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা: শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমসহ স্বাস্থ্য খাত ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা অংশ নেন।