সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ-ক্র্যাবের শোক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার বেলা ১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) স্থায়ী সদস্য ছিলেন।
জানা গেছে, গতকাল বুধবার সকালে তিনি বসিলার বাসা থেকে বের হন। পরে রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিংস্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে যান আবু হেনা রাসেল। সেখানে হঠাৎ বুকেব্যথা অনুভব করলে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাব ও ডিআরইউ পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন সহকর্মী, সংগঠক ও আপনজনকে হারিয়ে শোকাহত সহকর্মীরা। বুধবার বিকেল সোয়া ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে লাশ নেয়া হয় তার বসিলার বাস ভবনে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।