দোহারে জেলেদের ভিজিএফের চাল কম দেয়ার সময় ধরে ফেললেন ইউএনও
Printed Edition
দোহার (ঢাকা) সংবাদদাতা
ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভায় জেলেদের সরকারি সহায়তার ভিজিএফের বরাদ্দকৃত চাল কম দেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাতেনাতে ধরে ফেলেন। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সুবিধাভোগী জেলেরা।
মৌসুমে জাটকা ধরা থেকে বিরত থাকা দোহার পৌরসভার এমন ৩০ জন জেলের ৪০ কেজি করে সরকারি খাদ্যসহায়তার চাল ওজন দেয়ার সময় উপস্থিত হন দোহার পৌর প্রশাসক মাঈদুল ইসলাম। তিনি বালতি দিয়ে ওজন না দিয়ে ডিজিটাল স্কেলে ওজন করে দেয়ার কথা জানালে তাৎক্ষণিক স্কেলের ব্যবস্থা করলেও ওজন দেয়া ৪০ কেজি চালে ২ কেজি চাল কম পাওয়া যায়।
জেলেদের কয়েকজন জানান, প্রথম কিস্তির চালও বালতি দিয়ে ওজন করার কারণে কম পেয়েছি। প্রতিবাদ করলে নানাভাবে হেনস্তার শিকার হতে হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জানান, চাল কম দেয়ার কোনো সুযোগ নেই। প্রথমবার সতর্ক করে দিয়েছি পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।