পুলিশের উপস্থিতিতে রাস্তার নামে ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

Printed Edition

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামে পুলিশের উপস্থিতিতে ঘরের বেড়া ভাঙচুর ও বেশ কয়েকটি ফলদগাছ কাটার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মৃত আব্দুল জলিলের ছেলে শাহজালাল। সরেজমিন গিয়ে ভাঙচুরকৃত ঘরের বেড়া ও কাটা গাছের চিহ্ন দেখা যায়।

শাহজালাল বলেন, প্রতিবেশী ও পুকুরের পশ্চিম পাশের বাসিন্দা আবুল কাশেম সরকারের ছেলে কাউছার আলম সরকার তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলার নোটিশ প্রদান ও উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিতে দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল শাকিব ঘটনাস্থলে যান। তবে পুলিশের উপস্থিতিতেই বাদিপক্ষের লোকজন তার ঘরের বেড়া ভাঙচুর করে এবং কয়েকটি ফলদগাছ কেটে দেয়। এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা নেই। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করে ন্যায়বিচার দাবি করেন।

শাহজালালের অভিযোগ, যে জায়গায় রাস্তার কথা বলে ভাঙচুর করা হয়েছে, তার আশপাশের বহু জমি ইতোমধ্যে কাউছার আলমরা দখল করে রেখেছে। এখন তার নির্মাণাধীন বাড়ির সামনের ঘাটলাসহ জায়গা দখলের চেষ্টা চলছে। পাশাপাশি স্থানীয় ভূমি অফিসের নায়েব সরেজমিন তদন্ত না করে ভুল তথ্য প্রদান করেছেন।

বিটেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আলাউদ্দিন বলেন, তিনি নতুন যোগ দিয়েছেন; কাগজপত্র না দেখে কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে কাউছার আলম সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এখন কিছু বলবেন না। দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল শাকিব জানান, তার উপস্থিতিতে কোনো ভাঙচুর বা গাছ কাটার ঘটনা ঘটেনি। তিনি চলে আসার পর কিছু হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।