ন্যায়-ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি : মাসুদ সাঈদী
Printed Edition
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী বলেছেন, দীর্ঘ সময় পর দেশ একটি নতুন বাস্তবতায় এসেছে। এখন পরিবর্তন ও ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ।
সোমবার বিকেলে নাজিরপুর উপজেলার মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বারবার ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বারবার ভোট এসেছে, মানুষ মার্কা দেখে ভোট দিয়েছে। কিন্তু দিনশেষে মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ হয়নি।
তিনি অভিযোগ করেন, গত পাঁচ দশকে যারা ক্ষমতায় এসেছে, তারা নিজেদের উন্নয়ন করেছে, কিন্তু দেশের জনগণের ভাগ্য বদলায়নি। উন্নয়নের গল্প শোনানো হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। গত ৫৪ বছর যারা ক্ষমতায় ছিলো তারা দেশ ও জনগণের উন্নয়ন না করলেও তাদের পকেট ও কপালের উন্নয়ন ঘটিয়েছে। এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। সুযোগ পেলে তিনি তার পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন এবং জনগণের দোরগোড়ায় উন্নয়নের পরিকল্পনা পৌঁছে দেবেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।