ভোটের টানে গ্রামমুখী জনস্রোত

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটাধিকার প্রয়োগের জন্য গ্রামে ফেরার ঢল নেমেছে গাজীপুর শিল্পাঞ্চলে। বুধবার ভোটের দিন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও গতকাল বিকেল থেকেই হাজার হাজার শ্রমিক ও কর্মজীবী মানুষ পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে রওনা হন। একসাথে বিপুলসংখ্যক মানুষের যাত্রার ফলে বাস ও ট্রেনে সৃষ্টি হয় তীব্র চাপ, সড়ক ও রেলপথে দেখা দেয় নজিরবিহীন ভোগান্তি। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ করেন যাত্রীরা। গতকাল ভোর থেকেই গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, মালেকের কাঁড়ি ও ভোগড়া এলাকায় বাসের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক যাত্রী ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করেও বাস পাননি। ঢাকা থেকে আসা বেশির ভাগ বাস আগেই যাত্রীতে পরিপূর্ণ থাকায় নতুন যাত্রী তুলতে পারেনি। এতে করে চরম বিপাকে পড়েন ভোট দিতে বাড়ি ফেরা মানুষজন।

হালুয়াঘাটগামী গার্মেন্টশ্রমিক সোহেল রানা বলেন, পরিবারসহ ভোট দিতে গ্রামের উদ্দেশে রওনা হয়েছি। আগের তিনটি নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোট দেয়ার আনন্দ নিয়ে বের হয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়েও বাস পাচ্ছি না। তারপরও কষ্ট সহ্য করে গ্রামে যাবো, ভোটটা দিতেই হবে। তার মতো অনেকেই বাধ্য হয়ে ট্রাক, পিকআপ ও মালবাহী যানবাহনে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন।

গাজীপুর রেলস্টেশনেও ছিল একই চিত্র। ট্রেনের প্রতিটি বগি যাত্রীতে ঠাসা, দাঁড়ানোর জায়গা নেই। এমনকি ছাদেও গাদাগাদি করে বসে যাত্রা করছেন অনেকে। ট্রেনের ছাদজুড়ে দাঁড়ি–পাল্লার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। চিলাহাটীগামী ট্রেনের যাত্রী ও একটি কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মাহবুবা বেগম বলেন, ‘মানুষ ভোট দিতে ঈদের সময়ের মতো দল বেঁধে বাড়ি ফিরছে। স্টেশনে এলেই বোঝা যায় নির্বাচনের আমেজ কতটা প্রবল।’

এদিকে অতিরিক্ত যাত্রীচাপ ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে সালনা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। অনেক বাস নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

সংশ্লিষ্টদের মতে, ভোট উপলক্ষে আগে ভাগে পর্যাপ্ত অতিরিক্ত বাস ও ট্রেনের বগি সংযোজনের উদ্যোগ না থাকায় এই ভোগান্তি আরো তীব্র হয়েছে। তবে সব দুর্ভোগ উপেক্ষা করেই ভোটাধিকার প্রয়োগের দৃঢ় প্রত্যয় নিয়ে গ্রামে ফিরছেন ভোটাররা। এবারের নির্বাচনে জনসম্পৃক্ততার চিত্রকে আরো স্পষ্ট করে তুলছে।