সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার : তথ্য উপদেষ্টা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সবধরনের উদ্যোগ গ্রহণ করবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।
গতকাল সোমবার তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দায়িত্বশীল ও জাতীয় স্বার্থনির্ভর সংবাদ পরিবেশনও অপরিহার্য। দেশের মানুষের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকদের কর্তব্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবেই সাংবাদিকদের জন্য এ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
এ সময় তিনি সাংবাদিকদের আর্থিক সহায়তা ভবিষ্যতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেয়া যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন।
পাশাপাশি সাংবাদিক সমাজ যেন স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি ও কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মদ খায়রুল বাশার এবং ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত। উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো: আবদুল জলিল এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম।
অনুষ্ঠানে দু’জন মৃত সাংবাদিকের পরিবারের সদস্যদের মধ্যে ছয় লাখ টাকা, ১১৪ জন সাংবাদিককে চিকিৎসা ব্যয় বাবদ ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিকের মধ্যে ২৬ লাখ টাকার, মোট এক কোটি এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এরপর উপদেষ্টা গণযোগাযোগ অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পরিদর্শন করেন।