যশোরে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির টহল জোরদার গোয়েন্দা নজরদারি
Printed Edition
যশোর অফিস
যশোরের বিভিন্ন সীমান্তের চোরাইপথ দিয়ে ভারতে জ্বালানি তেল পাচার রোধে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। ইতোমধ্যে সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করে তল্লাশি জোরদার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সঙ্কট ও মূল্য বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে একশ্রেণীর চোরাকারবারি বাংলাদেশ থেকে ভারতে জ্বালানি তেল পাচারের চেষ্টা চালাচ্ছে। বেশি মুনাফার আশায় তারা এটি করছে বলে সূত্র জানিয়েছে।
ইতোমধ্যে যশোর অঞ্চলের বিভিন্ন পেট্রলপাম্পে একবারে ২০০ টাকার বেশি পেট্রল-অকটেন দিচ্ছে না বলে ক্রেতারা অভিযোগ করছেন। আবার কোনো কোনো পেট্রলপাম্পে একেবারেই বিক্রি করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ক্রেতাদের অভিযোগ, পেট্রলপাম্প মালিকরা জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রির অপচেষ্টা চালাচ্ছে। তারা মজুদ করা তেল ভারতে পাচারেরও চেষ্টা চালাচ্ছে।
বেনাপোল স্থলবন্দরে ভারতে যাওয়া ও আসার ট্রাক তল্লাশি করা হচ্ছে; যাতে ভারতীয় ট্রাকচালকরা এ দেশ থেকে কোনো ডিজেল কিংবা পেট্রল নিয়ে যেতে না পারে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোরের সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধিসহ বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহজনক পরিবহনে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া সীমান্ত পথে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপরও কঠোর নজর রাখা হচ্ছে।