সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়
তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ বহুদূর এগিয়ে যাবে : ড. মোশাররফ
Printed Edition
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী পাঁচ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। এই লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও অগ্রণী ভূমিকা খুবই অপরিহার্য।
তিনি রোববার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিয়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভার শুরুতে মেঘনার ইউএনও মৌসুমী আক্তার সরকারি কর্মকর্তাদের নিয়ে নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
ড. মোশাররফ বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সরকার গঠনের পর গত ২১ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বিদ্যুৎসাশ্রয়, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার না করা, মাননীয় সন্বোধনে আপত্তি, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেয়া প্রভৃতি জনহিতকর সিদ্ধান্ত গ্রহণ করে দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছেন। তিনি (তারেক রহমান) দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনায় উন্নত স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন। পাঁচবারের সংসদ সদস্য ও তিন মেয়াদে মন্ত্রিত্বের অভিজ্ঞতায় সমৃদ্ধ বর্ষীয়ান নেতা ড. মোশাররফ হুঁশিয়ারি উচ্চারণ করে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মানসিকতা নিয়ে প্রতিটি সরকারি দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে আপনাদের কোনো রকম স্বেচ্ছাচারিতা, গাফিলতি কিংবা দুর্নীতি কিছুতেই বরদাশত করা হবে না। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে আপনাদের কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অপরাধ দমনে সরকারের নীতিগত অবস্থান জিরো টলারেন্স। অপরাধীর কোনো ছাড় নেই। সে যেই হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি পরে মেঘনা উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এই সময় ড. খন্দকার মারুফ হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। সভায় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।