লেপার্ডসের থাবায় ধরাশায়ী আবাহনী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
অবশেষে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আর উদ্বোধনী দিনে গতকাল মাঠে নেমেছে সব দলই। ঢাকার ছয় ভেনুতে হয়েছে এই খেলা। প্রথম দিনে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ঢাকা লেপার্ডস, লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং বসুন্ধরা স্ট্রাইকার্স।
বর্তমান চ্যাম্পিন দল হয়েও হারের মুখ দেখেছে আবাহনী। ঢাকা লেপার্ডসের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ২২ রানে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। সিটি ক্লাবকে ৫ উইকেটে হারায় মোহামেডান। গুলশানকে ২৬ রানে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। উল্লেখ করার মতো হচ্ছে নার্ভাস নাইন্টিনে ফিরেছেন আশিকুর রহমান শিবলি এবং সাইফ হাসান। মোহামেডানের হয়ে ৫ উইকেট পেয়েছেন নাঈম আহমেদ। এ ছাড়া প্রাইম ব্যাংকের হয়ে আলিস আল ইসলাম নিয়েছেন ৪ উইকেট। প্রথম দিন পুরো ৫০ ওভার হয়েছে কেবল বসুন্ধরা স্ট্রাইকার্স এবং গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে।
আবাহনী-লেপার্ডস
ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিনই চমকে দিয়েছে ঢাকা লেপার্ডস। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে তারা হারিয়েছে আবাহনীকে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে জাকির হাসানের ৭৪ রানের দারুণ এক ইনিংসে আবাহনীর দেয়া ১৮২ রানের টার্গেট ৫ বল হাতে রেখে তুলে নেয় লেপার্ডস, জয় পায় ৫ উইকেটে।
বৃষ্টির কারণে ২০ ওভার কমিয়ে ৩০ ওভারে নির্ধারিত ম্যাচে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠান লেপার্ডস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। শুরুটা মোটেও ভালো হয়নি আকাশি-নীল শিবিরের। ওপেনার সৌম্য সরকার শূন্যতে বিদায় নেয়ার পর মাহিদুল ইসলাম অঙ্কন ৩৮ এবং মেহেরব হাসান ইনিংস মেরামতের চেষ্টা করেন। শেষ দিকে সাব্বির রহমান রুম্মন মাত্র ২৯ বলে ২ চার ও ৫টি ছক্কায় ৫৫* রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাতে ৮ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আবাহনী। ঢাকা লেপার্ডসের হয়ে ২১ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার মইন খান।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ঢাকা লেপার্ডসের ওপেনার জাকির হাসান। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার জাওয়াদ আবরার (২৩), সৈকত আলী (২৮), জাকির ৬৬ বলে ৭৪ রানের এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৪০ বলে ৩৭ রান করেন। শেষ দিকে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লেপার্ডস।
গুলশান ক্রিকেট ক্লাব-বসুন্ধরা স্ট্রাইকার্স
আক্ষেপের দিন ছিল জাতীয় দলের নিয়মিত মুখ সাইফ হাসানের। সেঞ্চুরির খুব কাছে গিয়েও মাত্র কয়েক কদম দূরে থামতে হয়েছে। পিকেএসপি-২ মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়ছিল বসুন্ধরা স্ট্রাইকার্স। ওপেনিংয়ে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে সাইফ হাসান ১২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৯৬ রান করেন। ৪৮.৫ ওভারে বিশাল চৌধুরী ও ফারজান আহমেদ আলিফের সম্মিলিত প্রচেষ্টায় রানআউটের ফাঁদে পড়েন। সাইফ সেঞ্চুরি না পেলেও তার এই ইনিংসে ভর করে ২৮০ রানের লড়াকু পুঁজি পায় বসুন্ধরা স্ট্রাইকার্স, যা শেষ পর্যন্ত ২৬ রানের জয় এনে দেয়।
লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স
সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা আশিকুর রহমান শিবলিও। ক্রিকেটার্স অ্যাকাডেমি মাঠে রূপগঞ্জ টাইগার্সের বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন আশিকুর রহমান শিবলি। ৩৪ ওভারের ম্যাচে ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এই তরুণ। সেঞ্চুরির জন্য ২ রান দরকার ছিল তার। কিন্তু সিঙ্গেলস নিতে গিয়ে আটকে যান ৯৯ রানে। ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। তার এই দুর্দান্ত ইনিংসে ভর করে লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে ২৮৩ রানের বিশাল সংগ্রহ পায়। পরে রূপগঞ্জ টাইগার্সকে ২০২ রানে আটকে ৮১ রানের সহজ জয় তুলে নেয়।
মোহামেডান-সিটি ক্লাব
৩৭ ওভারের ম্যাচে মোহামেডানকে জিতিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এনামুল হক বিজয়। এই ওপেনারের ফিফটিতেই ১০ বল হাতে রেখে সিটির দেয়া ১৯৫ রান ছুঁয়ে ফেলে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে ৯ চার এবং ২ ছক্কায় ৮০ রান করেন বিজয়। শেষ দিকে ২৩ বলে ৩৬ রান করে মোহামেডানের জয় ত্বরান্বিত করেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। অধিনায়ক তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান।
ব্রাদার্স-গাজী গ্রুপ ক্রিকেটার্স
লো স্কোরিং ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৪.৩ ওভারেই ব্রাদার্সের করা ৮২ রান টপকে যায় তারা।
প্রাইম ব্যাংক-অগ্রণী ব্যাংক
দুই ব্যাংকের লড়াইয়ে শেষ হাসি হেসেছে প্রাইম ব্যাংক। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।