সেমির টিকিট কাটল টাইগার যুবারা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সেঞ্চুরিটা আক্ষেপ হয়েই থাকল জাওয়াদ আবরারের। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৬ রানে ফিরেছিলেন সাজঘরে। আর গতকাল নেপালের বিপক্ষে শেষ করলেন অপরাজিত ৭০ রানে। গতকাল দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানেই অলআউট করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪.৫ ওভারেই তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় আজিজুল হাকিম তামিমের দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ৪। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কার হারিয়েছে আফগানিস্তানকে। তাতে সেমিফাইনালে উঠে গেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা।
১৩১ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ২৮ রানে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গত মাচে ৬২ করা রিফাত বেগ। এর পরের বলেই রান আউটের ফাঁদে কাটা পড়েন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তাতেই কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর আবরার ও কালাম সিদ্দিকীর ৯২ রানের জুটিতে সহজ জয় তুলে নেয় টাইগার যুবারা। কালামের করেন ৩৪ রান।
এর আগে ব্যাটিংয়ে নেমে নেপালের ওপেনিং জুটিতেই এসেছিল ৪০ রান। তবে এর পর থেকেই শুরু হয় ব্যাটিং ধস। মোহাম্মদ সবুজের বোলিং তোপে পরের ৪৪ রান তুলতেই ছয় উইকেট হারায় নেপাল। শেষে আশিস লুহার ও অভিষেক তিওয়ারির ৩৮ রানের জুটিতে ১৩০ রান তোলে নেপাল। দলটির মাত্র চারজন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। বাংলাদেশের হয়ে সাত ওভারে ২৭ রান খরচায় তিন উইকেট নেন সবুজ। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক তামিম নিয়েছেন দু’টি করে উইকেট।