ইরানি তেল কেনায় চীনা শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
Printed Edition
আলজাজিরা
ইরান থেকে কোটি কোটি ডলারের তেল আমদানির অভিযোগে চীনের অন্যতম বৃহৎ বেসরকারি তেল শোধনাগারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, তারা চীনের দ্বিতীয় বৃহত্তম স্বাধীন বা ‘টিপট’ রিফাইনারি হিসেবে পরিচিত ‘হেংলি পেট্রোকেমিক্যাল (দালিয়ান) রিফাইনারি’-কে লক্ষ্য করে এ ব্যবস্থা গ্রহণ করেছে। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে তেহরানের আয়ের উৎস বন্ধ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রশাসনের দাবি, হেংলি পেট্রোকেমিক্যাল ইরানের অন্যতম প্রধান গ্রাহক এবং এ শোধনাগারটি তেল ক্রয়ের মাধ্যমে ইরানি সামরিক বাহিনীর জন্য বিপুল পরিমাণ অর্থ সংস্থান করছে। এ অভিযানের অংশ হিসেবে ইরানের ‘ছায়া নৌবহরের’ সাথে সংশ্লিষ্ট আরো প্রায় ৪০টি জাহাজ ও শিপিং কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে, যুক্তরাষ্ট্রের উচিত বাণিজ্য ও প্রযুক্তিগত বিষয়গুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকা।