সেনাবাহিনীকে দুর্বল করতেই বিডিআর হত্যাকাণ্ড চালানো হয়েছিল : বিরোধীদলীয় নেতা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
গর্বের সেনাবাহিনীকে দুর্বল করতেই বিডিআর হত্যাকাণ্ড চালানো হয়েছিল মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। তিনি বলেন, জাতি আজ প্রকৃত সত্য জানতে চায়। জামায়াত কখনো দেশের দায়িত্ব পালনের সুযোগ পেলে পিলখানা হত্যাকাণ্ডের সত্যিকার ঘটনা উদঘাটন ও বিচার নিশ্চিত করা হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ডের এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সম্মানে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস (এনডিজি) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডা: শফিক বলেন, পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। এই ঘটনার আসল রহস্য লুকাতে সুপরিকল্পিতভাবে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। পিলখানায় মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এ দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বকে আঘাত করা হয়েছে।
পিলখানা ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে জামায়াত আমির বলেন, শহীদ পরিবারের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে জামায়াতের অনেক নেতাকর্মীকে বিচারিক ও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। শাপলায় নিরীহ আলেমদের নির্দয়ভাবে শেষ করে দেয়া হয়েছে। আবার তাদের মৃত্যু নিয়ে উপহাস করে বলা হয়েছে তারা রঙ মেখে শুয়ে ছিল।
বিরোধীদলীয় নেতা আরো বলেন, জাতি এখন প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। জাতি চায় দেশে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না। দেশের সব মানুষের প্রতিও আমাদের একই অঙ্গীকার।
অনুষ্ঠানে প্রফেসর দিলারা চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাসান নাসির, মেজর (অব:) আখতারুজ্জামান, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশকে কল্যাণ রাষ্ট্র করতে ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন
দেশকে প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে এবং নামাজের বিধান ও জাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী রাষ্ট্র কায়েমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে বসুন্ধরা থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, ‘পবিত্র মাহে রমজান হলো- রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসের প্রভাবেই মানুষের মধ্যে সংযম, শৃঙ্খলা, সবর এবং সম্প্রীতির বন্ধন তৈরি হয়। মানুষ অন্য সময়ের চেয়ে বেশি আল্লাহমুখী ও বিনয়ী হয়ে ওঠে। মহান আল্লাহ তায়ালা রমজানের বরকতে আমাদের মধ্যে এসব সৎ গুণাবলী সৃষ্টি করেন।’ তিনি উপস্থিত সবাইকে রমজানের হক যথাযথভাবে আদায় করে ইহকালীন ও পরকালীন মুক্তি অর্জনের আহ্বান জানান।
বসুন্ধরা থানা আমির আবুল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় ওই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- থানা বায়তুল মাল সম্পাদক বারাকাত গাজী, থানা কর্মপরিষদ সদস্য ডা: আনোয়ারুল হক মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য মুন্সি সিরাজুল হক, থানা কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন তারেক, থানা অফিস সম্পাদক মোবারক হোসাইন জামায়াত নেতা কাইয়ুম উদ্দিন।