জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে কারাদণ্ড, জরিমানা
Printed Edition
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক যুবককে কারাদণ্ড এবং পাঁচজনকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকালে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও অসদাচরণের দায়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের মো: সিফাত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সিফাত ফুয়েল কার্ড ছাড়াই লাইনে অগ্রাধিকার পাওয়ার চেষ্টা করেন এবং অন্যদের ওপর চাপ সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাঁকে সতর্ক করলেও তিনি নির্দেশ অমান্য করে জনমনে ভীতি সৃষ্টি করেন। পরে দণ্ডবিধির ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এই দণ্ড দেয়া হয়।
এছাড়া একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে জীবননগর এলাকার সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, মোহাম্মদ ইয়াসিন আলী এবং মোশারফ হোসেনের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী শাহিন উদ্দিন নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এবং জনভোগান্তি কমাতে এই তদারকি চালানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।