ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জামায়াতকর্মী নিহত, আহত আরো ১
Printed Edition
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে মো: জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নাসির উদ্দিন নামের আরেক জামায়াতকর্মী গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দীঘিরপাড় এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও লেলাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারোয়ার উদ্দিন জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসিরের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ নাসিরকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
ফটিকছড়ি থানা জামায়াত নেতা নাজিমুদ্দিন ইমু বলেন, জামালসহ তার সাথে থাকা আরো দু’জন সন্ধ্যায় দাওয়াত খেয়ে বাড়ির দিকে আসছিলেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে তাদের পিছু নেয় এবং দীঘিরপাড় এলাকায় পৌঁছে এলোপাতাড়ি গুলি চালায়। এতে জামাল ঘটনাস্থলেই নিহত হন এবং নাসির গুলিবিদ্ধ হন। দু’জনই জামায়াতের সক্রিয় কর্মী।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো: তারেক আজিজ বলেন, ফটিকছড়ির লেলাং এলাকায় গুলিতে একজন নিহত হয়েছে। আরো একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সংগ্রহ করেছে। ঘটনার তদন্ত চলছে।
এ দিকে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা হিসেবে অভিহিত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।