বিকেএসপিতে মেসি খ্যাত সোহান
Printed Edition
আমান উল্লাহ পাটওয়ারী সাভার (ঢাকা)
বাংলাদেশের মেসি খ্যাত শিশু ফুটবলার চাঁদপুর জেলার উত্তর মতলব থানার সোহান (৬) গতপরশু বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) আগমন করে সবার মধ্যে এক ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম সোহান ও সোহানের বাবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সোহান ও তার পরিবারের খোঁজখবর নেন। এরপর মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুণ্য উপভোগ করেন এবং সোহানের সাথে বল নিয়ন্ত্রণের খেলায় মেতে ওঠেন। মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নিবেন বলে জানান। তিনি সোহানকে আগামী দিনের মেসি তৈরিতে বিকেএসপির সর্বাত্মক সহযোগিতার কথা বলেন। সোহানের বয়স কম হওয়ায় তার আবাসন বিকেএসপি প্রমিলা হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের একজন কোচ আছিয়া খাতুনের তত্ত্বাবধানে সোহান প্রশিক্ষণ গ্রহণ করবে বলে তিনি জানান। বিকেএসপি মাঠে সোহান দীর্ঘক্ষণ তার পায়ে-পিঠেসহ শরীরের বিভিন্ন অঙ্গে ফুটবল নিয়ন্ত্রণে দর্শকদের মুগ্ধ করেন।
বাংলাদেশের মেসি খ্যাত সোহান ২০১৯ সালের ২২ আগস্ট চাঁদপুর জেলার উত্তর মতলবের সাড়েপাঁচানী গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে যখন সোহান কিছু বুঝতে শুরু করেন তখন থেকে ফুটবলে জাদুকরী খেলায় গ্রামবাসীকে মাতিয়ে রাখেন। একপর্যায়ে এ খবর মতলব উত্তর থানায় সব খানে এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় সে বিকেএসপিতে আসেন। ভবিষ্যতে সোহান বড় মাপের ফুটবল খেলোয়াড় হবেন সবার আশা।