ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নীরবতা মোদির তীব্র সমালোচনা বিরোধী নেতাদের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইরানে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় ভারতের ‘নীরবতা’ নিয়ে দেশটির বিরোধীদলগুলো নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারের এই অবস্থানকে ভারতের দীর্ঘস্থায়ী পররাষ্ট্রনীতির পরিপন্থী বলে অভিহিত করেছেন।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ইরানে সাম্প্রতিক হামলার বিষয়ে সরকারের নীরবতা ভারতের দীর্ঘস্থায়ী পররাষ্ট্রনীতির বিপরীত। তিনি মনে করিয়ে দেন, এই নীতিগুলো যেকোনো দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর ভিত্তি করে তৈরি। তিনি আরো বলেন, ‘ক্রমবর্ধমান উত্তেজনা একটি ভঙ্গুর অঞ্চলকে বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে বসবাসকারী এবং কর্মরত লাখ লাখ ভারতীয়র জীবনকে প্রভাবিত করবে।’

রাহুল গান্ধী বলেন, ‘আমাদের ইরানের ওপর এক তরফা হামলার নিন্দা করা উচিত। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর ইরানের আক্রমণেরও নিন্দা করা উচিত।’ একই সাথে তিনি ইরানে হামলার মাত্র দুই দিন আগে নরেন্দ্র মোদির ইসরাইল সফরকে ‘অসময়োচিত’ ছিল বলে উল্লেখ করেন। গত সপ্তাহে মোদি ইসরাইল সফর করেন এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন।

মোদি সরকারের নীরবতার সমালোচনা করেছে অন্যান্য বিরোধীদলও। আম আদমি পার্টির (এএপি) নেতা সঞ্জয় সিং বলেছেন, ‘আমেরিকা ও ইসরাইলের অত্যাচার সম্পর্কে কিছু বলুন, মোদিজি। নতুবা বিশ্ব স্বৈরশাসক আমেরিকার অত্যাচার সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।’ ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) নেতা ডি. রাজা এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসঙ্ঘ সনদের মৌলিক নীতির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। এদিকে নরেন্দ্র মোদি মঙ্গলবার মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছেন এবং উপসাগরীয় দেশগুলোর নেতাদের সাথে কথা বলেছেন। তবে তিনি ইরানে মার্কিন-ইসরাইলি হামলার বিষয়ে কোনো নিন্দা না জানিয়ে উপসাগরীয় দেশগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা করেছেন।