জামায়াতসহ ৮ দল নির্বাচনের দিনেই গণভোটে রাজি
রংপুর মহাসমাবেশে চূড়ান্ত বার্তা দেবে জোট : আবদুল হালিম
Printed Edition
নিজস্ব সংবাদদাতা
রংপুর জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেছেন, নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের বিষয়ে তাদের আটদলীয় জোট সম্মতি দিয়েছে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা পূর্বের অবস্থান থেকে সরে এসেছে।
হালিম বলেন, ‘জুলাই চার্টার বাস্তবায়নে সরকারের আদেশকে আইনগত বৈধতা দিতে গণভোট অপরিহার্য। আগে আমরা আলাদা দিনে গণভোটের প্রস্তাব করেছিলাম, কিন্তু সার্বিক স্থিতিশীলতার স্বার্থে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত মেনে নিতে যাচ্ছি।’ তিনি আরো দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটই বিজয়ী হবে বলে জোট আশাবাদী।
জাতীয় পার্টিকে ‘চাটুকার রাজনীতি’র জন্য দায়ী করলেন হালিম : সংবাদ সম্মেলনে জাতীয় পার্টিকে কঠোর সমালোচনা করে আবদুল হালিম বলেন, দলটির ‘চাটুকারিতা’র কারণেই শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসন টিকে ছিল। তার ভাষায়, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণের ম্যান্ডেট নষ্ট করতে এবং ভারত-নির্ভর প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে জাতীয় পার্টি ভূমিকা রেখেছে। এক সময় রংপুরের মানুষ জাতীয় পার্টির প্রতি সহানুভূতিশীল ছিল, কিন্তু ফ্যাসিস্ট শাসকদের পাশে দাঁড়ানোর কারণে দলটি জনগণের আস্থা হারিয়েছে।’
তিনি দাবি করেন, এখন জনদাবি স্পষ্ট ‘আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করা উচিত।’
রংপুরে মহাসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের আশা : আগামী রংপুর বিভাগীয় মহাসমাবেশ নিয়ে হালিম বলেন, কয়েক লাখ মানুষ এই সমাবেশে যোগ দেবেন। ওই সমাবেশ থেকেই সরকারের প্রতি আটদলীয় জোট তাদের পাঁচ দফা বাস্তবায়ন নিয়ে ‘চূড়ান্ত রাজনৈতিক বার্তা’ দেবে।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ‘রাজনীতির ঊর্ধ্বে ঐক্য’ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া কর্মসূচির প্রসঙ্গে হালিম বলেন, রাজনৈতিক বিভাজন অতিক্রম করে এমন প্রার্থনা ‘জাতীয় ঐক্য ও মানবিক সংহতির প্রতীক’। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদ-বিরোধী লড়াইয়ের এক অগ্রগামী নাম। তার অবদান ঐতিহাসিক। ঐক্যবদ্ধ শক্তিই দেশকে এগিয়ে নিতে পারে।’
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমির ও রংপুর-৪ প্রার্থী এ টি এম আজম খান; মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল; ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মুফতি আবদুর রহমান কাসেমী; দলটির মহাসচিব ও রংপুর-৩ আসনে প্রার্থী আমিরুজ্জামান পিয়াল এবং রংপুর-১ এর প্রার্থী রাইহান সিরাজীসহ আটদলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।