বেনাপোল দিয়ে ২১০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি

Printed Edition

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে ২১০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে বাংলাদেশী টাকায় ৪২-৪৩। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০-১৫ টাকা কমে গেছে।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে তিন দিনে মোট ২১০ মেট্রিকটন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে সাতটি ট্রাকে করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

কপোতাক্ষ সিএন্ডএফ এজেন্টের মালিক আবু ফয়সল বলেন, প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বন্দর ও আমদানির আনুষঙ্গিক ব্যয় ধরে কেজিপ্রতি পেঁয়াজের দাম পড়ছে ৪২-৪৩ টাকা। এ ছাড়া বাজারজাত করতে এর সাথে পরিবহন ও শ্রমিক ব্যয় যুক্ত হবে।