শহীদ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল দেশ

Printed Edition
bangla1
ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে বেনাপোলে মার্চ টু বর্ডার বিক্ষোভ : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত স্বৈরাচার আওয়ামী লীগবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম বীরযোদ্ধা, আধিপত্যবাদবিরোধী সামাজিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মো: শরিফ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ, সমাবেশ, দোয়া ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়। সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দেশজুড়ে উত্তাল বিক্ষোভ মিছিল থেকে কাপুরুষোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং মদদদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। গতকাল বাদ জুমা সারা দেশের মসজিদে মসজিদে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলোতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র সংগঠন, তৌহিদি জনতা এবং সাধারণ-ছাত্র-জনতার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স, কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় আধিপত্যবাদী শক্তির দোসররা। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর মৃত্যুর কোলে ঢলে পড়েন গণ-অভ্যুত্থানের অগ্রসেনানী ওসমান হাদি।

লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র-জনতা। বাদ জুমা বিক্ষোভ মিছিল শেষে লালপুর ত্রীমোহিনী চত্বরে ছাত্রনেতা সামিউল ইসলাম শান্তর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখে-ন ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি জাহিদ হাসান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সাজ্জাদুর রহমান, লালপুর উপজেলা পশ্চিম শাখা শিবির সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মাদারগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা মাদারগঞ্জের বালিজুড়ী বাজার চৌরাস্তার মোড়ে ছাত্র-জনতার অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দর্শনা মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা বাসস্ট্যান্ডে সমবেত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর অনিক, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, থানা ছাত্রদলের আহ্বায়ক রাসেল লিওন, ছাত্রশিবিরের সভাপতি মানিক হোসেন হৃদয়, জামায়াতে ইসলামীর পৌর আমির শাইকুল ইসলাম অপু প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী পৌরসভার উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাছির উদ্দীন মুনির ও মীর ইদরীসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলো থেকে শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দিয়ে বাসস্ট্যান্ড যায় এবং বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে ঘুরে কাচারী সড়ক দিয়ে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সামনে এসে শেষ হয়।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এবং সহ-দফতর সম্পাদক মুফতি মুহাম্মদ বাবুনগরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দিন দৌলতপুরী, মাওলানা ইউনুস, মুফতি মামুন, মাওলানা ওসমান, এনসিপি নেতা মোহাম্মদ হাসান রাশেদ, সুমন, মাওলানা হাবিবুর রহমান ও রহমত উল্লাহ প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, শাহজাদপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে এ গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজাপূর্ব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজাদপুরের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল-শাফায়েত আদিব। এ সময় তিনি বলেন, ‘শহীদ হাদি ভাইসহ আমরা যখন বিগত ফ্যাসিস্ট সরকার হটাও আন্দোলনে নেমেছিলাম, তখন তো জীবনের মায়া ত্যাগ করেই ওই আন্দোলন করেছি এবং এখনো প্রয়োজনে এমন আন্দোলনের সাথে সর্বক্ষণ সম্পৃক্ত আছি। অতএব, কাউকে হত্যা করে বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে চলমান আমাদের সে আন্দোলনকে কেউ বন্ধ করতে পারবে না।’

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। জুলাইযোদ্ধা আলিফ মাহমুদ নাহিদ ও শিবলি সাদিকসহ কয়েকশ’ বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ পালন করে। সমাবেশে বক্তারা জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক শরিফ ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সব খুনিকে দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেন।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। রামগড় উপজেলা সদরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠন, পেশাজীবী ও ছাত্রসমাজের প্রতিনিধিরা অংশ নেন। মিছিলে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগড় উপজেলা সভাপতি আবদুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: নুর হোসেন, খেলাফত মজলিস রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলার সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রামগড় উপজেলা প্রধান সমন্বয়কারী মো: হারুনুর রশিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামগড় উপজেলা সেক্রেটারি মো: আনোয়ার হোসেন। বিক্ষোভকারীরা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস ও অমানবিক, যা সমাজে ভীতি ও অস্থিরতা ছড়িয়ে দিয়েছে। তারা দাবি করেন, ঘটনার সাথে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর সদর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আবুল বাশার রেজওয়ান, উপজেলা জামায়াতের সাবেক আমির আবুল কাসেম বিপ্লব, ইসলামী আন্দোলন জেলা নেতা মুফতি শরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী খলিলুর রহমান মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির পাকুন্দিয়া শাখার সমন্বয়ক রাজিন সালেহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সমন্বয়ক আবদুল্লাহ আল সানী, মুখপাত্র সজল চঞ্চল হোসেন সজল ও ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা জুলাই বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে শেষ করে। এ সময় বিক্ষোভকারীরা হাদির হত্যার দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতীক হয়ে থাকবে। দেশের মানুষ আর এসব নৃশংসতা মেনে নেবে না।’ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফয়সাল আহমেদ রাজিব, ফাহিম আহমেদ, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক মো: আরীফুল ইসলাম ও সদস্যসচিব মো: পারভেজ মিয়া।

মুলাদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশাল জেলার মুলাদী ঈদগাহ ময়দানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার সড়ক প্রদক্ষিণ করে। দারুল হিকমা মাদরাসার উপধ্যাক্ষ আল-ফাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মসজিদের খতিব মাওলানা হাফিজ আহম্মেদ, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ আবদুল্লাহ মো: আহাদ, মল্লিক বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মামুন আল ইসলাম, জুলাইযোদ্ধা মো: বাইজিদ হোসেন, মো: হামিম হোসেন, আব্দুল্লাহ ইসলাম সৌরভ, মো: আহনাফ রহমান ভূঁইয়া সামিত ও মুহিম সোহেন।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর শহীদ স্মৃতি অম্লান চত্বর (জিআরপি) মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা মজলিসে শূরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমির এবং নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর শহর জামায়াতের আমির আলহাজ শরফুদ্দিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাকিল চৌধুরী, সাবেক ছাত্রশিবির নেতা সাহাবাজ উদ্দিন, সেকেন্দার আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহরেও মসজিদে মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা নামাজে জানাজা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশপ্রেমিক বাংলাদেশ ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় বালুচর খেলার মাঠে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মওলানা মো: আ: মান্নান। এ সময় বক্তারা শরিফ ওসমান হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলানোর দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ফয়সাল কবির, আব্দুল আলীম, সাজেদুর রহমান সেজান, শেখ জাবের আল শিহাব, ইমরান হোসেন, শহিদুল ইসলাম ইসলাম, হাসানুজ্জামান সবুজ, তানভীর জুয়েল লিখন প্রমুখ।

হাবিপ্রবি প্রতিনিধি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে দোয়া ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেইন গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে জুমার নামাজের পর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ‘ভারতের আগ্রাসন, রুখে দাও, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, লীগ ধর, জেলে ভর’, গোলামি না আজাদি, আজাদি আজাদী’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কইব’- এ ধরনের স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভে অংশগ্রহণকারী পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোখলেছুর রহমান বলেন, ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে হাদি ভাই আমাদের তা শিখিয়ে গেছেন। হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, ওসমান হাদিকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি পরিকল্পিত হত্যা। এর সাথে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশ ভারত জড়িত। জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ বাংলার আপামর জনসাধারণ মেনে নেবে না।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই যুদ্ধ, এনসিপি, গণ অধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং মুসল্লিরা এসব দোয়া মাহফিলে অংশ নেন।

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জুলাই আন্দোলনের সহযোগী ও ইনকিলাব মঞ্চের সমর্থক গোষ্ঠী। বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ উপজেলার সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বাজার মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শেষে হাদি হত্যা ও ভারতের আগ্রাসনবিরোধী প্রতিবাদ জোরদার করতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জুলাই আন্দোলনের সহযোগী মাওলানা মো: শরিফ উদ্দিন, জুলাই ছাত্র প্রতিনিধি মো: আবু মূসা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খোকন।

মাভাবিপ্রবি প্রতিনিধি জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাস স্লোগানে মুখরিত হয়ে ওঠে। হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। মিছিলটি সন্তোষ বাজার প্রদক্ষিণ শেষে তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

খুবি প্রতিনিধি জানান, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি খান জাহান আলী হল এলাকা থেকে শুরু হয়ে হাদি চত্বর জিরো পয়েন্ট, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সমাবেশে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিøনের শিক্ষার্থী ফারদিন দিপন। ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষার্থী মুরসালিন বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ নানা আগ্রাসনের শিকার। শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের ফটিকছড়ি বিবিরহাট বাসস্ট্যান্ডে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ফটিকছড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকিবুল ইসলাম মাহির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীসহ শত শত সাধারণ জনতা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

গোবিপ্রবি প্রতিনিধি জানান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, বেনাপোলে বিক্ষোভ মিছিল ও লংমার্চ টু বর্ডার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলে ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শার্শা উপজেলা শাখার উপদেষ্টা মাস্টার আব্দুল মান্নান, বলেন আজকের ছাত্রসমাজ আমাদের বাংলাদেশে ভারতের দাদাগিরি মানবে না। এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ খালেদ গালিব, সদস্যসচিব সাজেদুর রহমান, মুখ্য সংগঠক নাইমুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নাইম সিদ্দিক, বেনাপোল পোর্ট থানা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।

পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগাছার ৯ ইউনিয়নের সর্বত্র চলছে হাদি মারা যাওয়ার চাপা কান্নার রোল। গতকাল উপজেলার সব মসজিদে আয়োজন করা হয়েছিল হাদির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান। অনেকেই হাদির রূহের মাগফিরাত কামনায় নফল নামাজ আদায় করার মাধ্যমে শেষ করেছেন।

শাবিপ্রবি প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা, সম্মিলিত শিক্ষক সমাজ ও ইনকিলাব মঞ্চের আহ্বানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মতিউর রহমান মোনাজাত পরিচালনা করেন।

জাবি প্রতিনিধি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য মুসল্লি অংশ নেন। দোয়া মাহফিলে মরহুম শরিফ ওসমান বিন হাদির রূহের মাগফিরাত এবং শহীদ হিসেবে মর্যাদা দান কামনা করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ন্যায়, স্বাধীনতা ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শরিফ ওসমান বিন হাদির ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। অবরোধে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। এর আগে সাভার মডেল মসজিদের সামনে হতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড, শিমুলতলা বাসস্ট্যান্ড, রেডিও কলোনি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব সিফাত, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন, এনসিপির সাভার উপজেলার সদস্য তামিম আজহার, ভয়েস অব জুলাই সাভার পৌরসভার সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পরিষদের সদস্য মায়া আক্তার, সাভার উপজেলার সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবিপ্রবি প্রতিনিধি জানান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাস ফের উত্তাল হয়ে ওঠে। পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে হাদির রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। দোয়া শেষে বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

ববি প্রতিনিধি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিহতের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এরপর সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আজাদি আজাদি! ইনকিলাব ইনকিলাব!’, ‘হাদির বুকে গুলি কেন, প্রশাসন জবাব দে!’

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানায়। বিক্ষুব্ধ জনতা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পটিয়া সরকারি কলেজ মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রশিবির পটিয়া শহর সভাপতি মাহবুব উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন- আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শিক্ষার্থী কাসেম আল নাহিয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার সেলিম উদ্দিন, তালহা রহমান, আকরাম হোসেন, গাজী আবুল হাসনাত জুবায়ের, আশরাফুল ইসলাম তৌকির, গোলাম মাওলা মাশরাফ, সাইফুল ইসলামসহ আরো অনেকে।