সুন্দরগঞ্জে দুস্থদের বঞ্চিত করে কর্মকর্তাদের মাছ ভাগাভাগি
Printed Edition
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
রাষ্ট্রীয় শোকের দিনে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ সরকারি পুকুরের মাছ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করে নেয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের পুকুর থেকে মাছ ধরা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী এসব মাছ গরিব, দুঃখী, দুস্থ মানুষ ও এতিমখানায় বিতরণ করার কথা। কিন্তু তা না করে কর্মকর্তারা ভাগবাটোয়ারা করে নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যদের পাহারায় মাছভর্তি বস্তা ভ্যানে করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের সামনে নিয়ে গেট বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা ভাগ করে নেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই পুকুর থেকে মাছ তোলা হয় এবং পরে কর্মকর্তা ও স্টাফদের মধ্যে মোট ৩২ ভাগে মাছ বণ্টন করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গরিবদের বঞ্চিত করা খুবই দুঃখজনক। এতে প্রশাসনের নৈতিকতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলির সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।