কমিটির কোনো টিম থাকবে না

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অতীতে বিসিবির কর্মকর্তাদের নিজস্ব টিম থাকত। এই ক্লাবগুলোকে অন্যায় সুযোগ দিত আম্পায়াররা। তবে এখর আর কমিটির লোকদের কোন টিম থাকবে না। ডিপিএল উদ্বোধনকালে বিসিবির সভাপতি তামিম ইকবাল জানান, তার মেয়াদে ঘরোয়া ক্রিকেটে কোনো দল বাড়তি সুবিধা পাবে না। কোনো দলকে এখন আর ‘কমিটির টিম’ বলার সুযোগ থাকবে না। প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে আম্পায়ারিং নিয়ে কথা বলার সময় তামিম বলেন, ‘এখন কোনো কমিটি টিম নেই। আপনাদের মনে রাখতে হবে যে, যেহেতু অতীতে এসব নিয়ে আলোচনা হয়েছে, তাই প্রতিপক্ষ দলগুলোও এর সুযোগ নেয়। এমনকি যখন কিছুই ঘটে না তখনো অনেকেই দোষারোপ করে থাকেন। আমার অধীনে সবাই সমান এবং সবার সমান সুযোগ পাওয়া উচিত।’

পরিচ্ছন্নতা কর্মীদের পাশে তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তামিম ইকবাল। বিশেষ করে স্বল্প আয়ের পরিচ্ছন্নতা কর্মীদের (ক্লিনার) বেতন নিয়ে তৃতীয় পক্ষের কারসাজি এবং অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, গরিব মানুষের হক নষ্ট করা বিশাল অপরাধ এবং এটি কোনোভাবেই বরদাশত করা হবে না।

তামিম জানান, বিসিবির পরিচ্ছন্নতা কর্মীদের দৈনিক ৬৫০ টাকা পাওয়ার কথা থাকলেও একটি মধ্যস্বত্বভোগী চক্র বা থার্ড পার্টি তাদের মাত্র ৩০০ টাকা দিচ্ছিল। বাকি ৩৫০ টাকা কোনো কাজ না করেই ওই পক্ষটি আত্মসাৎ করছিল। তার কথায়, ‘যারা ক্লিনিং করে তারা ৩০০ টাকা পায়? আর যারা কাজ করে না তারা বাকি ৩৫০ টাকা নিয়ে যায়- এটা কাম্য হতে পারে না।’

তামিম যোগ করেন, ‘আমি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে শুধু এনজয় করতে বসিনি। গত ১৭-১৮ বছর বাইরে থেকে যেসব অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, এখন সেগুলো ঠিক না করলে আমার আগের কথার কোনো মূল্য থাকে না।’

পরিচ্ছন্নতা সেবাদানকারী প্রতিষ্ঠানকে কড়া সতর্কবার্তা দিয়ে তামিম বলেন, ‘আমি বলেছি ৩০ জন মহিলাকে ডেকে আমার সামনে তাদের প্রাপ্য ৫০০ টাকা (খরচ বাদে) বুঝিয়ে দিতে হবে। যদি তারা এটা করতে পারে তবেই কন্ট্রাক্ট থাকবে, নাহলে ব্ল্যাকলিস্ট করা হবে।’

তদন্ত করতে গিয়ে তামিম দেখেন, অনেক কর্মী কাজ করলেও বিসিবির তালিকায় তাদের নাম নেই। তিনি বলেন, ‘যাদের ৭-১০ হাজার টাকা বেতনে সংসার চলে, তাদের থেকে ৫০০ টাকা নেয়াও একটা বিশাল অপরাধ।’