বদলে যাচ্ছে চট্টগ্রামের ডিসি হিল

Printed Edition
3rd-5
দীর্ঘদিন সংস্কারের অভাবে চট্টগ্রামে ডিসি হিলের নান্দনিক পরিবেশ নষ্ট হওয়ায় নিয়মিত ভ্রমণে আসা নাগরিকরা অসস্তিতে পড়েন : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

ডিসি হিল চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু। এই পাহাড়কে ঘিরে শহরবাসীর অনেক স্বপ্ন ও ভালোবাসা। আনন্দ নিয়ে বেঁচে থাকার একটি বড় জায়গা হলো এই ডিসি হিল। এটি এমন একটি স্থান, যেখানে হাঁটাহাঁটি করে মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করে। এটি নগরবাসীর খুব প্রিয় জায়গা। সারাদিনের ক্লান্তির পর সেখানে গেলেই মন ভালো হয়ে যায়।

ইতিহাস বলে, ইংরেজ শাসনামলের গোড়ার দিকে এখানে চাকমা রাজার বাড়ি ছিল। পরে চট্টগ্রামের জেলা প্রশাসকের (ডিসি) বাসভবন স্থাপিত হওয়ায় কালক্রমে এই পাহাড় ‘ডিসি হিল’ নামে পরিচিতি লাভ করে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনও রয়েছে এই পাহাড় চূড়ায়।

চট্টগ্রাম শহরের নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত ডিসি হিলে পাদদেশে সকাল, বিকেল এমনকি সন্ধ্যায়ও অনেক মানুষ শ্বাস নিতে আসেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এখানকার নান্দনিক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল।

চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সরকারি বাসভবনে আসা যাওয়ার পথে ডিসি হিলের নাজুক অবস্থা ধরা পড়ে। দ্রুত তিনি প্রাথমিক সংস্কারের সিদ্ধান্ত নেন। ডিসি হিলের নান্দনিক পরিবেশ আরো দৃষ্টিনন্দন করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেয়া হচ্ছে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে।

প্রাথমিক সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন অবকাঠামোতে নতুন করে সাদা ও লাল রঙের কাজ করা হয়। পাশাপাশি জরুরি ভিত্তিতে কিছু ল্যাম্পপোস্টও স্থাপন করা হয়।

অবহেলিত ডিসি হিলের এই সামান্য উন্নয়ন কাজেও ভীষণ খুশি প্রাতঃভ্রমণে আসা বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তারা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে তার এই ছোট উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

৪২ বছরে পা রাখা শতায়ু অঙ্গনের সদস্যদের পক্ষ থেকে একটি ব্যানার টাঙানো হয়। সেখানে লেখা ছিল- ডিসি হিলকে নতুন রূপে প্রাণবন্ত করে তোলার মহৎ উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন।

ডিসি হিলে প্রতিদিন যাতায়াতকারী একাধিক ব্যক্তি জানান, এখন লাইটিং করায় জায়গাটা অনেক সুন্দর লাগছে। আগে নিয়মিত ঝাড়ু দেয়া হতো না। ২০-২৫ দিন পরপর একবার ঝাড়ু দেয়া হতো। কুকুর পায়খানা করত, পাগলেরা ময়লা-আবর্জনা ফেলে রাখত। ডিসি সাহেব লাইটিং করে আমাদের মনকেও আলোকিত করেছেন। এখন অনেক মানুষ ডিসি হিলে যেতে উৎসাহিত হচ্ছেন। ব্যায়াম ও হাঁটাহাঁটি করা মানুষের সংখ্যাও বেড়েছে।

সারা দেশের সবচেয়ে প্রাচীন প্রাতঃভিত্তিক সংগঠন শতায়ু অঙ্গনের সভাপতি রুস্তম আলী আক্ষেপের সুরে বলেন, আগেও অনেক ডিসি ছিলেন, কিন্তু কেউ করেননি, এই ডিসি করেছেন।