দাউদকান্দিতে মাদরাসার ভবন নিয়ে আগের সরকারের ‘অসদাচরণ’

Printed Edition

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সোনাকান্দায় ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ড. মোশাররফ হোসেন ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদরাসা। যা সড়ক সম্প্রসারণ প্রকল্পের কারণে উচ্ছেদ সঙ্কটে পড়েছে। মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগ, বিগত সরকারের আমলে মহাসড়ক সম্প্রসারণের ম্যাপ এমনভাবে প্রস্তুত করা হয় যাতে মাদরাসার তৃতীয় তলা একাডেমিক ভবন ও জামে মসজিদ সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ম্যাপ সামান্য পূর্বদিকে সরালে একই প্রকল্প আরো কম খরচে, সোজা রেখায় বাস্তবায়ন করা সম্ভব এবং মাদরাসা-মসজিদ ধ্বংসের হাত থেকেও রক্ষা পেত। এ নিয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর মাদরাসার সদস্য সচিব ও সুপার মাহমুদুল হাছান জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে আবেদন করেন। আবেদনে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনির হোসেনও স্বাক্ষর করেন।

এ অবস্থায় চলতি বছরের ২৪ নভেম্বর জেলা প্রশাসকের অনুমোদনক্রমে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাদরাসা কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ গ্রহণের নোটিশ পাঠান।

গতকাল বৃহস্পতিবার মাদরাসা সুপার মাহমুদুল হাছান জানান, ‘বিগত সরকারের সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সড়কটি বাঁকা করে মাদরাসার ভবন ধ্বংসের পরিকল্পনা করা হয়েছে। আমরা এর প্রতিকার চাই।’ চেয়ারম্যান মনির হোসেন বলেন, ‘শিক্ষাঙ্গন রক্ষার স্বার্থে আমি মাদরাসার আবেদনের পক্ষে ছিলাম এবং আছি।’