নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ : আব্দুস সালাম
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম বলেছেন, সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, আমি জনগণের সহযোগী হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই। পরিচ্ছন্ন ঢাকা, মশক নিধনসহ বাসযোগ্য নগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।
গতকাল বিকেলে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম আরো বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন, এখন কাজের মধ্য দিয়ে আমাকে নগরবাসীর আস্থা অর্জন করতে হবে। আমরা নগরবাসীর অভাব ও অভিযোগগুলো গুরুত্বের সাথে পূরণ করার চেষ্টা করব। যেসব বড় সমস্যা আমাদের এখতিয়ারের বাইরে, সেগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।
নবনিযুক্ত প্রশাসক সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি জনবান্ধব ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।
গতকাল সকালে নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র পেশ করেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন এবং ঢাকাকে একটি পরিবেশবান্ধব ‘সবুজ শহর’ হিসেবে গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা জমাদানের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া প্রশাসক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
দুপুর ২টায় নবনিযুক্ত প্রশাসক শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।