শ্রীপুরে ভাঙ্গাড়ি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ভাঙ্গাড়ি ব্যবসার আড়ালে অস্ত্র ভাড়া ও অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ডাকাতির প্রস্তুতিকালে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আকাশ মিয়া (২৭)। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (কামারপট্টি) এলাকার বাসিন্দা এবং স্থানীয় ভাঙ্গাড়ি ব্যবসায়ী। তার বাবার নাম আব্দুল করিম। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, দুষ্কৃতকারী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আকাশ মিয়ার ভাঙ্গাড়ি দোকানে তল্লাশি চালিয়ে দোকানে রাখা একটি ড্রামের আড়াল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আকাশ মিয়া দীর্ঘদিন ধরে ভাঙ্গাড়ি ব্যবসার আড়ালে অস্ত্র ভাড়া দেয়ার সাথে জড়িত ছিল। সীমান্ত পেরিয়ে বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে সে সেগুলো অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য ভাড়া দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মিয়া স্বীকার করেছে, তার বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র ও হত্যা মামলা রয়েছে এবং বর্তমানে সে এসব মামলায় জামিনে রয়েছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহম্মদ বলেন, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।