সিড অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক সোপান মালিক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের (বিএসএ) ২০২৬-২৭ সালের (দ্বি-বার্ষিক) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রিম সিড কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ আর মালিক সিডস প্রাইভেটের স্বত্বাধিকারী আতাউস সোপান মালিক। ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দুইজন সহভাপতি ও একজন সাংগঠনিক সম্পাদক ছাড়া বাকি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
গতকাল রাজধানীর খামারবাড়ির তুলা উন্নয়ন বোর্ড মিলনায়তনে দু’টি পদে ভোট গ্রহণ করা হয়। সহসভাপতির দু’টি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ফজলু সিড কোম্পানির মো: ফজলুল হক ও পাতা এগ্রো ইন্টারন্যাশনালের মো: ফজলুল করিম সহসভাপতি নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন বিক্রমপুর সিড কোম্পানির মো: নাসির উদ্দিন।
সাবেক সচিব মেসবাহ উদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড এ নির্বাচন পরিচালনা করেন। দুই সদস্য হলেন মো: আব্দুল খালেক ও নেসার উদ্দিন আহমেদ।
এর আগেই সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গ্রুপ ‘এ’ থেকে সভাপতি পদে নির্বাচিত হন সুপ্রিম সিডের মোহাম্মদ মাসুম এবং এর আর মালিক সিডের আতাউস সোপান মালিক।
এ গ্রুপ থেকে সহসভাপতি পদে দু’জন নির্বাচিত হলেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের মো: জাহিদুল ইসলাম ও জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের ফিরোজ মাহমুদ হাসান। প্রচার সম্পাদক নির্বাচিত হন আলফা সিড ইন্টারন্যাশনালের মো: আফসার উদ্দিন আকন্দ।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিতরা হলেন ন্যাশনাল এগ্রিকেয়ার এর কে এস এম মোস্তাফিজুর রহমান, কৃষাণ এগ্রো সার্ভিসের শামীম আহাম্মদ, ব্র্যাক সিডের মো: আজিজুল হক, ভিএন আর সিডস বাংলাদেশ প্রা: লিমিটেডের মো: মামুন উর-রশিদ, ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মোস্তফা কামাল, রাইসকো ইন্টারন্যাশনালের মো: ফারুখ হোসেন, এডভান্স মাল্টি ফার্ম লিমিটেডের বাহার উদ্দিন।
‘বি’ গ্রুপ থেকে সিনিয়র সহসভাপতিসহ ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সিনিয়র সহসভাপতি শেখ আব্দুল হালিম (কাশেম বীজ ভাণ্ডার), সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন (উফসী সিড কোম্পানি), কোষাধ্যক্ষ মো: সফিক ভুইয়া (আফরোজা সিড কোম্পানি), সাংস্কৃতিক সম্পাদক মো: আলমগীর হোসেন (জেনিথ সিড কোম্পানি), কার্যনির্বাহী সদস্য মাহবুব আনাম (লালতীর বীজ কোম্পানি লিমিটেড), ওমর আল ফারুক (কোয়ালিটি সিড), মো: আশরাফুল ইসলাম (চাঁদ সীড কোম্পানি), মো: আশরাফুল ইসলাম (কৃষি বীজাগার) এবং মো: পান্নু মোল্লা (হিমু সিড কোম্পানি)।