সিদ্ধেশ্বরীতে প্রাইভেটকার চালক ও মোহাম্মদপুরে নির্মাণশ্রমিকের মৃত্যু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী এলাকার মনোয়ারা হাসপাতালের সামনে পিকআপভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

অপরদিকে মোহাম্মদপুর এলাকায় নির্মাণাধীন ভবনের সাততলায় ঢালাইয়ের কাজ করার সময় রশি ছিঁড়ে ডাব্বর মাথায় পড়ে রনি (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে পিকআপের ধাক্কায় নিহত হন হারুন অর রশিদ।

নিহত হারুনের বাড়ি কিশোরগঞ্জ সদরের পাটকা কাঠালিয়া এলাকায়। তার বাবার নাম তমিজ উদ্দিন। বর্তমানে পরিবারের সাথে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় বসবাস করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রাইভেটকারের মালিক কাজী লুৎফর জানান, হারুন তার গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। রাতের দিকে ডিউটি শেষে গাড়ি গ্যারেজে রেখে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গ্যারেজের সামনে অন্য চালকদের সাথে কথা বলার সময় পেছন থেকে একটি পিকআপভ্যান এসে তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পিকআপভ্যান ও চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুরে আরশিনগর লাবনী লেক সিটির পাশে নির্মাণাধীন ভবনের সাততলায় ঢালাইয়ের মালামাল ওপরে উঠানোর সময় রশি ছিঁড়ে ডাব্বর মাথায় পড়ে নিচে থাকা মোহাম্মদ রনি নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী আব্দুর রহমান ঢামেক হাসপাতালে জানান,সকাল ৯টার দিকে মোহাম্মদপুরে আরশিনগর লাবনী লেকসিটির পাশেই একটি নির্মাণাধীন ভবনে সাততলায় নিচ থেকে মালামাল ঢালাইয়ের জন্য উপরে মাল উঠানোর সময় ডাব্বরের রশি ছিঁড়ে নিচে থাকা রনির মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। বাবার নাম মোহাম্মদ সাহেব আলী। ঢাকায় মোহাম্মদপুর এলাকায় থাকতেন তিনি।