দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপনে সুপ্রিম কোর্টের চিঠি
Printed Edition
প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপে দেওয়ানী ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। দ্রুত মামলার নিষ্পত্তি এবং সুষ্ঠু বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে জেলা জজশিপ ও সেশনস ডিভিশন পৃথককরণ এবং সংশ্লিষ্ট জজশিপ ও সেশনস ডিভিশনের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে প্রয়োজনীয় পদ সৃজনে পদক্ষেপ গ্রহণের জন্য সম্প্রতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত একটি চিঠি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বলা হয়েছে, দেওয়ানী ও ফৌজদারি মামলার বিচার্য বিষয়, এজলাসের ধরন ও সাক্ষীর প্রকৃতি ভিন্ন। যার ফলে এ ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিচারকের গভীর মনোনিবেশ প্রয়োজন হয়। এ ছাড়া অধস্তন আদালতসমূহে বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ দেওয়ানি আপিল, দেওয়ানি রিভিশন, ফৌজদারি আপিল, ফৌজদারি রিভিশনের পাশাপাশি বিভিন্ন বিশেষ আদালত ও ট্রাইব্যুনালের বিচারক হিসেবে মামলা পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর ফলে বিচারকের সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রত্যাশিত মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এতে মামলা জট ও দীর্ঘসূত্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষত দেওয়ানি মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে। এ জন্য পৃথক এখতিয়ার প্রয়োগের সুবিধার্থে এবং মামলা জট নিরসনে বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে পৃথক আদালত স্থাপন ও প্রয়োজনীয় পদ সৃজনের গুরুত্ব থেকেই এ পদক্ষেপ প্রহণ করা হয়েছে।
বিচার বিভাগীয় কর্মচারীদের প্রস্তাবিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনস্ত করে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব : প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ এর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। তিনি অভিভাষণে ঘোষণা করেন সুপ্রিম কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনের জন্য তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাবনা সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। পত্রে সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে হাইকোর্ট বিভাগ কর্তৃক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ যথাযথরূপে পালন করার জন্য সম্প্রতি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে আইন ও বিচার বিভাগকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জ্ঞাপন করা হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বলা হয়েছে, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সহযোগিতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রস্তুতকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তবে সুপ্রিম কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনকে আরো অর্থবহ করতে প্রধান বিচারপতির নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্ট কর্তৃক ইতোপূর্বে প্ররিত ‘বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ ২০২৪’-এর খসড়ায় প্রয়োজনীয় সংশোধন আনয়নপূর্বক উহার নাম পরিবর্তনক্রমে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যাবলী হিসেবে ‘সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ইকুইপমেন্ট নির্ধারণ; বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের পদ সৃজন, বিলোপ, বিন্যাস, নিয়োগ, পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা, ছুটি, চাকরির শর্তাবলি নির্ধারণ; অধস্তন আদালত, তৎসংশ্লিষ্ট দফতর, সংস্থা প্রতিষ্ঠান, কমিশন, ইনস্টিটিউট, একাডেমি প্রভৃতির কাঠামো এবং ইকুইপমেন্ট নির্ধারণ ও বাজেট ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া, বর্তমান খসড়ায় ‘সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যাবলি বণ্টন, ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে প্রধান বিচারপতিকে প্রয়োজনীয় বিধি, প্রবিধি, নীতিমালা প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে। প্রস্তাবিত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের বাজেটে বিচার কর্ম-বিভাগে নিযুক্ত সবার বেতন-ভাতাদির পাশাপাশি দেশের বিচার প্রশাসন পরিচালনার প্রশাসনিক ব্যয়, অধস্তন আদালত, তৎসংশ্লিষ্ট দফতর, সংস্থা, প্রতিষ্ঠান, কমিশন, ইনস্টিটিউট, একাডেমি প্রভৃতির উন্নয়ন ব্যয়, গবেষণা ও প্রশিক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় অন্তর্ভুক্ত করার বিধান সন্নিবেশিত করা হয়েছে। এ ছাড়া, খসড়া অধ্যাদেশে সুপ্রিম কোর্ট সচিবালয়কে অধস্তন আদালত, তৎসংশ্লিষ্ট দফতর, সংস্থা, প্রতিষ্ঠান, কমিশন, ইনস্টিটিউট, একাডেমি প্রভৃতির উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের ক্ষমতা প্রদান করা হয়েছে। প্রস্তাবিত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর উদ্দেশ্য পূরণকল্পে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রধান বিচারপতি কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে বা পূর্বানুমোদনক্রমে প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, পরিপত্র, নীতিমালা প্রভৃতি সরকারি গেজেট আকারে প্রকাশ করতে পারবে মর্মে খসড়া অধ্যাদেশে বিধান সন্নিবেশ করা হয়েছে।
গত ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত ধারণাপত্র, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া, রুলস অফ বিজনেস ১৯৯৬-এর যে সকল স্থানে সংশোধন করতে হবে তার তালিকা, অ্যালোকেশন অফ বিজনেসের সংশোধনের তালিকা, সুপ্রিম কোর্ট সচিবালয় অর্গানোগ্রামের খসড়া সংযুক্তি সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন ও বিচার বিভাগের সচিবের নিকট প্রেরণ করা হয়।