পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে প্রতিহত করার : শফিকুল আলম

Printed Edition

শরীয়তপুর প্রতিনিধি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার যতই চেষ্টা করুক না কেন সরকার অংশগ্রহণমূলক, আনন্দমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন জাতিকে উপহার দিবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে, এ নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রতিহত করতে পারে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পতিত হাসিনা সরকার সাড়ে ১৫ বছর দেশের মানুষ একটা ভালো নির্বাচন পায়নি। দেশের মানুষ একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে। সরকার ও নির্বাচন কমিশনেরই মূল লক্ষ্য হচ্ছে জাতিকে একটি ফ্রি, ফেয়ার, পিসফুল ও ক্রেডিবল নির্বাচন উপহার দেয়া। তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ এখন সে দিকে ধাবিত হয়েছে। মাঠে-ঘাটে, বাজারে ও আনাচে-কানাচে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। এতেই প্রমাণ হয় দেশের জনগণও এখন উৎসবমুখর নির্বাচনমুখী। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস, সুরেশ্বর দরবার শরীফের পীর সাহেব শাহ নূরে পারভেজ আল নূরী ও সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী আল সুরেশ^রী।