অক্সফোর্ডে আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ইস্টার্ন ইউনিভার্সিটি
Printed Edition
প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘মনরো ই. প্রাইস মিডিয়া ল মুট কোর্ট কম্পিটিশনের আন্তর্জাতিক রাউন্ডে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি। দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্বে শীর্ষ চারে স্থান করে নিয়ে এই অনন্য গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। উল্লেখ্য, বাংলাদেশ থেকে এর আগে কোনো দল এই আঞ্চলিক পর্বের শীর্ষ চারে জায়গা করে নিতে পারেনি।
আগামী ১৪-১৬ এপ্রিল ২০২৬ তারিখে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোনাভেরো ইনস্টিটিউট অব হিউম্যান রাইটসে এই প্রতিযোগিতার আন্তর্জাতিক চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটি এই বিশ্বমঞ্চে লড়াই করবে।
ইস্টার্ন ইউনিভার্সিটির এই দলে রয়েছেন মো: সাকিব খন্দকার, জোনায়েদ আল রাতুল এবং মেহবুবা আকতার মারিয়া। গত ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ভার্চুয়ালি অনুষ্ঠিত ১৬তম দক্ষিণ এশিয়া আঞ্চলিক রাউন্ডে তারা অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। এই আঞ্চলিক পর্বটির আয়োজক ছিল দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোনাভেরো ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস।
২০০৮ সালে প্রতিষ্ঠিত ‘মনরো ই. প্রাইস মিডিয়া ল মুট কোর্ট কম্পিটিশন’ বিশ্বের অন্যতম সম্মানিত আইনি প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। এটি মূলত বাকস্বাধীনতা এবং আন্তর্জাতিক মিডিয়া আইন সম্পর্কিত জটিল আইনি সমস্যাগুলো নিয়ে কাজ করে। এই যুগান্তকারী অর্জনে ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের আইন অনুষদ, কোচ এবং শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা প্রমাণের এই অভিযাত্রায় বিশ্ববিদ্যালয়টি দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছে। বিজ্ঞপ্তি।