ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৮

Printed Edition

এনডিটিভি

বিহারের নালন্দা জেলায় একটি মন্দিরে পূজার সময় ব্যাপক ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত আটজন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নালন্দা জেলার বিহার শরিফ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঘরা গ্রামের শীতলাষ্টমী মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় এদিন মন্দিরে দেবী শীতলার দর্শনের জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড় সামলানোর ক্ষেত্রে অব্যবস্থাপনার কারণেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মানুষ দিগি¦দিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করলে এই প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আসা বিভিন্ন চিত্রে দেখা গেছে, অসংখ্য নারী মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন এবং উপস্থিত সাধারণ মানুষ তাদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দিয়ে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। মমতা দেবী নামের এক নারী জানান, প্রতি মঙ্গলবারই এখানে ভিড় থাকে, তবে আজকের ভিড় ছিল অস্বাভাবিক।

প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ তুলেছেন অনেক দর্শনার্থী। অন্য দিকে অবিনাশ কুমার নামের এক প্রত্যক্ষদর্শী জানান, পূজা ও আচার অনুষ্ঠানগুলো ঠিকঠাকই চলছিল; কিন্তু হঠাৎ কোনো একটি কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। যদিও মন্দিরে ব্যারিকেডের ব্যবস্থা ছিল; কিন্তু বিশাল জনস্রোতের সামনে তা কার্যকর প্রমাণিত হয়নি।

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।