ডিবেট ফর ডেমোক্র্যাসির বিতর্ক
ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
Printed Edition
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিগত আওয়ামী শাসন আমলে অনেক অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। বর্তমান সরকারের আমলে ফ্যামিলি কার্ড দেয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি থাকবে না। বাড়ি বাড়ি গিয়ে স্কোরিংয়ের মাধ্যমে আইবাস পদ্ধতিতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে।
তিনি গতকাল বিএফডিসিতে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিমন্ত্রী বলেন, দল-মত সব কিছুর ঊর্ধ্বে উঠে যাদের প্রয়োজন তাদেরকেই এ সুবিধা দেয়া হচ্ছে। বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির কারণে ঋণের বোঝা বাড়ার শঙ্কা নেই।
বিগত সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেশটাকে পরনির্ভরশীল করে তুলেছিল। সে সময় মেগা প্রকল্পগুলোতে সময় ও ব্যয় বাড়িয়ে দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে পেট্রোন করা হয়েছে। বর্তমান সরকার অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের পরিবর্তে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হয়, সেই ধরনের প্রকল্প নেবে।
বিতর্ক প্রতিযোগিতায় উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরাজিত করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হন। বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক তৌহিদুল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলাম ও সাংবাদিক আতিকুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। বিজ্ঞপ্তি।