ইফতারে বোনের জন্য ফলের সালাদ : রহিমা আক্তার মৌ

Printed Edition
agdum-3
ইফতারে বোনের জন্য ফলের সালাদ : রহিমা আক্তার মৌ

ওমেরার বয়স মাত্র ৯ বছর। ছোট বোন সিয়ারার বয়স মাত্র দেড় বছর। আলহামদুলিল্লাহ ওমেরা গত বছর দু’টি রোজা করেছে। এবার ওমেরা প্রথম ও দ্বিতীয় রোজা করেছে। দ্বিতীয় রমজানের দিন দুপুরে ছোট ফুপ্পি, ফারিহা আপু ও ফুপ্পা ওদের বাসায় যায়। সারাদিন অনেক আনন্দ করে সবাই। ওমেরা বাবা অথবা মায়ের সাথে নামাজ পড়ে। ইফতারের কিছুক্ষণ পর ওমেরা ডাইনিং টেবিলে কী জানি কাটছে দেখে ফুপ্পি এগিয়ে যায়। গিয়ে দেখে ওমেরা ফল কাটছে। খুব সাবধানে আস্তে আস্তে স্ট্রবেরি, কলা আর আঙ্গুর ছোট ছোট করে নিচ্ছে। ফুপ্পি জিজ্ঞেস করে-

ওমেরা এগুলো কি করবে?

ফুপ্পি এগুলো আমি আর সিয়ারা খাব। স্ট্রবেরি সিয়ারার খুবই পছন্দ। মা বলেছে প্রতিদিন কোনো ফল খেতে চাইলে একটি পেয়ারা অথবা কলা খাওয়া দরকার। সিয়ারা তো ছোট তাই ওর পছন্দের ফলের সাথে আমি কলা দিয়েছি, আর আমার পছন্দ আঙ্গুর। সে জন্য এই তিনটি ফল দিয়েই সালাদ বানাচ্ছি।

সালাদ কাটা শেষ করে ওমেরা পেয়ালা হাতে নিয়ে ড্রয়িংরুমে যায়। সিয়ারাকে ডাকে। চামচে করে তিন রকম তিনটি ছোট টুকরো নিয়ে সিয়ারার মুখে দেয়।

এরপর নিজেও খায়। কিছু সময় দুই বোন পাশাপাশি বসেই খায়। পরে সিয়ারা একচামচ মুখে দিয়েই খেলা করে আবার এসে মুখে দিয়ে যায়। এভাবে দুই বোন খাচ্ছে আর আপু ও ফুপ্পি দেখছে। ফারিহা বলে-

জানো আম্মু, যখন দেখি ওমেরা ফল কাটছে। আমি ভয় পেয়েছি যদি হাত কেটে ফেলে। পরে দেখলাম ও খুবই সাবধানে কাটছে।

সালাদ অনেকটা কমে আসছে। ওমেরা চামচ দিয়ে পেয়ালার একপাশে স্ট্রবেরি আলাদা করছে। ফুপ্পি জিজ্ঞেস করে- এগুলো আলাদা করছ কেন ওমেরা?

ফুপ্পি ফুপ্পি সিয়ারা তো স্ট্রবেরি খুব পছন্দ করে তাই ওর জন্য কিছু স্ট্রবেরির টুকরো আলাদা করছি।

বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে ছোট ফুপ্পি মনে করছে বড় ফুপ্পিকে আর ফারিহা আপু মনে করছে বড় বোন মালিহাকে। ওমেরার দুই ফুপ্পি বয়সে দুই বছরের বড়-ছোট। ফারিহা আপু ও মালিহা আপু ঠিক ওমেরা আর সিয়ারার মতো সাড়ে সাত বছরের বড়-ছোট। ফারিহা আপু ফুপ্পিকে জিজ্ঞেস করে-

আচ্ছা আম্মু, আপুও কি এইভাবে আমাকে খাওয়াত?

হ্যাঁ, ঠিক এভাবেই তোর আপু তোকে খাওয়াত।

দুই বোনের সালাদ খাওয়া শেষ। দুজনে টিভিতে গান শুনছে। সিয়ারার পছন্দের গান-

বুলবুল পাখি, ময়না-টিয়ে

আয় না, যা না গান শুনিয়ে

বুলবুল পাখি, ময়না-টিয়ে

আয় না, যা না গান শুনিয়ে...