মুন্সীগঞ্জে টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে বাজার ইজারার টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ছয়টি বাজারের ইজারার দরপত্র জমাদানের দিন ছিল সোমবার। নির্ধারিত সময়ের মধ্যে ধলাগাঁও বাজারের টেন্ডার জমা দিতে যান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন টুটুলের অনুসারীরা। এ সময় ‘বাবু’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে টেন্ডার জমা দিতে বাধা দেয়ার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তিনি রোমান দেওয়ান পক্ষের হয়ে অন্যদের দরপত্র জমা দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন।
একপর্যায়ে টুটুল পক্ষের কয়েকজন বাবুকে মারধর করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করেন। টুটুল পক্ষের তুষার আহমেদ শাকিলের অভিযোগ, কিন্তু একটি পক্ষ অন্যায়ভাবে বাধা দেয়ার চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নির্ধারিত সময়ের মধ্যেই সবার দরপত্র গ্রহণ করা হয়েছে।