ইরানে হামলার তীব্র নিন্দা মামুনুল হকের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ইরানের সার্বভৌম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটি এ হামলাকে আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ প্রতিক্রিয়া জানান।

নেতৃদ্বয় বলেন, ইরানের ওপর এ সামরিক আগ্রাসন জাতিসঙ্ঘ সনদ ও রাষ্ট্রীয় স্বাধীনতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এটি একটি স্বাধীন রাষ্ট্রের ওপর নগ্ন আক্রমণ এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি।

বিবৃতিতে অভিযোগ করা হয় যে, শক্তির জোরে অন্য রাষ্ট্রের ওপর আগ্রাসন চালানো আধুনিক সভ্যতার জন্য লজ্জাজনক। আমেরিকার পক্ষপাতদুষ্ট নীতি মধ্যপ্রাচ্যকে ক্রমাগত যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

নেতৃদ্বয় মনে করেন, ইরানের ওপর এ হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং এটি সমগ্র মুসলিম বিশ্বের নিরাপত্তা ও মর্যাদার ওপর আঘাত। এ আগ্রাসন অব্যাহত থাকলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

মুসলিম দেশগুলোর বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোর নীরবতায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সাথে জাতিসঙ্ঘকে দ্রুত হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

c