মোদির সাথে বৈঠক করে বিরোধ নিরসন ও বাণিজ্য বৃদ্ধির আশা কার্নির
Printed Edition
এএফপি
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসবেন। এই বৈঠকের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে কিছুটা টানাপড়েনের সম্পর্ক পুনঃস্থাপন করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বাণিজ্য বৈচিত্র্য আনার প্রচেষ্টা জোরদার করবেন বলে আশা করা হচ্ছে।
উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, নয়াদিল্লিতে আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, সবুজ জ্বালানি, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এটির প্রধান লক্ষ্য হবে দীর্ঘ আলোচিত একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির জন্য আলোচনা পুনরুজ্জীবিত করা।
গত শনিবার মুম্বাইয়ে ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলার সময়, কার্নি বলেন যে, পরিকল্পিত চুক্তি, যা তিনি বছরের শেষ নাগাদ স্বাক্ষর করতে চাইছেন, এর ফলে ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করতে পারে। তিনি বলেন, ‘এই সফর একটি চ্যালেঞ্জিং সময়ের সমাপ্তি এবং আরো গুরুত্বপূর্ণভাবে, দু’টি আত্মবিশ্বাসী এবং পরিপূরক দেশের মধ্যে একটি নতুন, আরো উচ্চাকাক্সক্ষী অংশীদারিত্বের সূচনা।’ কার্নির এই সফর গত ২০২৩ সালে কানাডায় শিখ কর্মীদের বিরুদ্ধে মারাত্মক প্রচারণা চালানোর জন্য নয়াদিল্লিকে অভিযুক্ত করার পর কার্যকরভাবে ভেঙে পড়া সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।