ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত ১৪ মাওবাদী
Printed Edition
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা ও বিজাপুর জেলায় নিরাপত্তাবাহিনীর সাথে পৃথক দু’টি সংঘর্ষে ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। বছরের শুরুতে নিরাপত্তাবাহিনীর সাথে মাওবাদীদের এটিই প্রথম বড় সংঘর্ষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে বলে দাবি করেছে ভারতের নিরাপত্তাবাহিনী। পৃথক দুই সংঘর্ষে দক্ষিণ সুকমায় ১২ জন এবং পাশের বিজাপুর জেলায় আরো দু’জন মাওবাদী নিহত হন। বিজাপুরে ভোর ৫টার দিকে সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। নিরাপত্তাবাহিনী বলেছে, সুকমায় নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদীদের কোন্টা এরিয়া কমিটির সম্পাদক মাংডু রয়েছেন। সুকমার পুলিশ সুপার কিরণ চাভান বলেছেন, কোন্টা এরিয়া কমিটির সব সশস্ত্র মাওবাদী এই অভিযানে নিহত হয়েছেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী দমন করা হবে বলে সময়সীমা ঘোষণা করেছিলেন। তার ওই ঘোষণার পরই এই বড় অভিযানটি চালানো হলো। শনিবারই পিপলস লিবারেশন গেরিলা আর্মির (পিএলজিএ) শীর্ষ কমান্ডার বারসা দেবাসহ বেশ কয়েকজন মাওবাদীর তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করার কথা রয়েছে। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ছত্তিশগড় রাজ্যে পাঁচ শ’র বেশি মাওবাদী নিরাপত্তাবাহিনীর হাতে নিহত হয়েছেন।