বরিশালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া

Printed Edition
3rd-5
বরিশালে সেনাবাহিনীর দুর্যোগ ব্যবস্থাপনা মহড়া

নিজস্ব প্রতিবেদক

বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার উপর একটি সম্মিলিত মহড়ার আয়োজন করা হয়েছে।

গতকাল রোববার এই মহড়া অনুষ্ঠানের সনদ বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, মহড়ায় মেজর জেনারেল এম খায়ের উদ্দীন, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকৃত মাঠ কর্মী, হেস্বচ্ছাসেবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

উল্লেখ্য, ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ভূমিকম্প পূর্ব ও পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য গত ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মোট তিন দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান হতে অংশগ্রহণকৃত ১২০ জন ব্যক্তিকে বিষয়ভিত্তিক আলোচনা ও কর্মশালার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতিতে কর্মপরিকল্পনা নিরূপণ, কার্যপ্রণালী প্রণয়ন ও আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় সাধনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ হতে অংশগ্রহণকৃত ৩৭৫ জন মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও ছাত্রছাত্রীদেরকে গত ২ ডিসেম্বর হতে ৬ ডিসেম্বর পর্যন্ত ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের উপর মাঠ পর্যায়ে বিভিন্ন দলভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।