চবিতে আইডিয়া’র আয়োজনে ‘ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম’
Printed Edition
তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়িত ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যাকাডেমি (আইডিয়া) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম’ আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার চবি ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (আইএফইএসসিইউ) অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল- ‘যুব সমাজকে ক্ষমতায়ন, জাতি গঠনে অংশগ্রহণ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। প্রেজেন্টেশন সেশনে অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন ভিসি।
বক্তব্যে ভিসি বলেন, ‘গবেষণা ও উদ্ভাবনই বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি। শিক্ষার্থীদের প্রয়োজন সামান্য উৎসাহ ও সুযোগ, তাহলেই তারা তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে।’ তিনি আইডিয়া কর্তৃপক্ষকে এমন উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, আইসিটি বিভাগের যুগ্মসচিব ও আইডিয়া প্রকল্পের পরিচালক মর্তুজা জুলকার নাইন নোমান, উপসচিব ও ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান, প্রকল্পের সিনিয়র পরামর্শক ও দলনেতা সিদ্ধার্থ গোস্বামী, পিউপিল স্কুল বাস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুর রশিদ সোহাগসহ চবি শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রোগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে আরো সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।