পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের বিরুদ্ধে আইনি নোটিশ
Printed Edition
পাবনা প্রতিনিধি
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন কার্যক্রম আকস্মিকভাবে স্থগিত হওয়ায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্ধারিত ১৩তম সংসদ নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই স্থগিতাদেশকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
জানা গেছে, ৫ জানুয়ারি আপিল বিভাগের একটি আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ৬ জানুয়ারি এক নোটিশের মাধ্যমে পাবনা-১ (৬৯) এবং পাবনা-২ (৬৮) আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই স্থগিতাদেশ জারি করেন। এই নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে জামায়াতের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে পাবনা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই স্থগিতাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোহাম্মদ ইলিয়াস কর্তৃক ইসির সিনিয়র সচিব এবং নির্বাচন ব্যবস্থাপনা শাখা-২-এর উপসচিবকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ইসির স্থগিতাদেশ ‘বেআইনি’।
নোটিশে নির্বাচন প্রক্রিয়া সচল রাখার স্বার্থে অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়। দাবি মানা না হলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। ব্যারিস্টার নাজিব মোমেন জানান, স্থগিতাদেশ শুধু সীমানা পুনর্বিন্যাসে, নির্বাচনে নয়। আপিল বিভাগ কেবল নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণী সংক্রান্ত হাইকোর্টের আদেশটি স্থগিত করেছেন, নির্বাচন নয়। আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন চাই।
অন্য দিকে ইসির নির্দেশনার পর গত শনিবার (১০ জানুয়ারি) পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে দু’টি আসনের সব ধরনের নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।