ফিফার সাথে আলোচনায় বসবে ইরান
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই হামলার পর থেকে দেশটির বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ আসন্ন ফুটবল বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায়। এর মধ্যে গত ২৪ এপ্রিল নতুন নাটকীয়তা যোগ হয়েছে কানাডায়। ভ্যাঙ্কুভারে ফিফার বার্ষিক কংগ্রেসে ২১১টি সদস্য ফেডারেশনের মধ্যে অনুপস্থিত ছিল কেবল ইরানই। তবে সেই কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবার নিশ্চিত করেন, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ খেলবে ইরান। হোয়াইট হাউজে পরে একই কথার প্রতিধ্বনি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, ‘জান্নি (ইনফান্তিনো) যখন বলেছে, তখন আমার আপত্তি নেই।’
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ফিফা সভাপতির মন্তব্যের পর এবার নতুন কিছু ঘটতে যাচ্ছে। ইরানের ফুটবল কর্মকর্তারা ফিফার নেতৃত্বের সাথে বৈঠকের উদ্যোগ নিচ্ছেন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ গতকাল গণমাধ্যমকে জানান, ফিফার সংস্থার সাথে আলোচনার জন্য তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী ২০ মের আগেই সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সম্প্রতি ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়ার পথে টরোন্টোতে প্রবেশ করতে গিয়ে ঝামেলায় পড়েন তাজ ও ইরান প্রতিনিধিদলের সদস্যরা। কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাথে সংশ্লিষ্টতা নিয়ে তাজকে জিজ্ঞাসাবাদ করেন। প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখার পর ভ্যাঙ্কুভারে যাওয়ার অনুমতি দেয়া হলেও তারা শেষ পর্যন্ত দেশটি ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
তাজ বলেন, ‘আমাদের সবার বৈধ ভিসা ছিল, এমনকি তুরস্কেও যাচাই করা হয়েছিল। তারা আমাদের জানায়, কিছু প্রশ্ন আছে এবং জানতে চায় আমরা আইআরজিসির সদস্য কি না।’
তিনি যোগ করেন, আমরা বলেছি, ইরানে প্রায় ৯ কোটি মানুষ আইআরজিসির সদস্য। তারা জানায়, এই সংগঠনের কাউকে তারা দেশে ঢুকতে দেয় না- এটাই তাদের আইন। কিছুক্ষণ পর তারা প্রবেশের অনুমতি দিলেও আমরা ফেরার সিদ্ধান্ত নেই। তারা আমাদের বহিষ্কার করেনি, আমরা নিজেরাই ফিরে আসি... আমি কানাডীয় কর্তৃপক্ষকে বলেছি, আপনারা আমাদের তিন ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখেছেন, শুধু শুধু অপেক্ষা করিয়েছেন।