ইমাম-খতিবদের ১০ দফা দাবি

Printed Edition
3rd-4
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের সেমিনারে অতিথিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রতিটি ইমাম-খতিব ও মুয়াজ্জিনের জন্য জাতীয়ভাবে একীভূত বেতনকাঠামো প্রণয়ন এবং এটিকে ন্যূনতম জাতীয় বেতন স্কেলের সাথে সমান মর্যাদাসহ ১০ দফা দাবি জানিয়েছে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ।

গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতিবদের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারে এ দাবি জানান তারা। অন্যান্য দাবি হলো-ইমাম-খতিবদের আবাসন সঙ্কট সমাধানে ওয়াকফ ফান্ড বা সরকারি সহযোগিতায় সুদমুক্ত গৃহঋণ চালু, বিদ্যুৎ, পানি, গ্যাসকে ‘ধর্মীয় স্থাপনা’ ক্যাটাগরি ঘোষণা করে বিশেষ ছাড় ও বিল কমানোর ব্যবস্থা নেয়া, ইমাম-খতিব এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ সব রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে ইমাম-খতিব ও শিক্ষক সমাজকে জাতীয়ভাবে ‘প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণী’ হিসেবে ঘোষণা, যোগ্যতা, অবস্থান ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে একটি একীভূত ডিজিটাল জাতীয় ডাটাবেস তৈরি, ধর্মীয় দায়িত্ব পালনের সময় ইমাম ও খতিবদের ওপর হুমকি, লাঞ্ছনা ও সহিংসতা রোধে তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন, ইসলামিক গবেষণা, ফতোয়া প্রণয়ন, সামাজিক পুনর্বাসন, দাম্পত্য বিরোধ সমাধান ও সমাজে শান্তি রক্ষার জন্য একটি কেন্দ্রীয় জাতীয় শূরা বোর্ড গঠন, প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক দরিদ্র, প্রবীণ ও অসচ্ছল ইমাম-খতিবদের সরকারি তত্ত্বাবধানে বিনামূল্যে হজ পালনের সুযোগ এবং মিথ্যা মামলা ও হয়রানি থেকে ইমামদের আইনি সুরক্ষা।

জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আবু তাহের আল মাদানীর সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরীর সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরস সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ্ নেছারুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী, জাতীয় ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া প্রমুখ।