চট্টগ্রামে অপহৃত নাজিম উদ্দিনকে উদ্ধার : ২ অপহরণকারী গ্রেফতার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শহরে ফেরার পথে হাটহাজারী থানা এলাকা হতে অপহৃত মো: নাজিম উদ্দিনকে উদ্ধারসহ সঙ্ঘবদ্ধ অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭।
ভুক্তভোগী মো: নাজিম উদ্দিন (২৩) নোয়াখালী জেলার সেনবাগ থানার এলাকার বাসিন্দা এবং জীবিকা নির্বাহের জন্য চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসবাস করে আসছেন। গত ৩০ নভেম্বর প্রতিদিনের ন্যায় কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার এলাকায় যান। পরবর্তীতে সেখানে থেকে রাত আনুমানিক সাড়ে ১২টায় সিএনজিযোগে বাসার উদ্দেশে রওনা হন। হাটহাজারী থানাধীন মির্জাপুর সরকারহাট বাজার এলাকায় পৌঁছালে সিএনজিতে গ্যাস না থাকায় ভিকটিম অন্য একটি সিএনজিতে করে নিজ বাসার উদ্দেশে রওনাকালে মো: আজম ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে অপরিচিত একটি ক্লাব ঘরে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে কল করে তিন লাখ ৬৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং তার স্বামীকে উদ্ধারের জন্য র্যাব-৭ বরাবর একটি আবেদন করেন।
এর পর হতে অপহৃতের ওপর নজরদারির একপর্যায়ে র্যাব-৭ এর একটি আভিযানিক দল গত বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় হাটহাজারী থানাধীন নজুমিয়ারহাট এলাকা থেকে অপহৃত নাজিমকে অন্যত্র পাচারকালে একটি সাদা রঙের টয়োটা গাড়ির ভেতর থেকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মো: আজম (৪৯), পিতা-খারুজ্জামান চৌ:, উত্তর রাঙ্গামাটিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম এবং আবু সামা (২৪), পিতা-ইব্রাহীম খলিলউল্লা, উত্তর হাজিরখিল, ভুজপুর, চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হন র্যাবের সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিম সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।